নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা জেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে গতকাল শোভাযাত্রা বের করা হয় l প্রথম আলো
খুলনা জেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে গতকাল শোভাযাত্রা বের করা হয় l প্রথম আলো

‘নারী-পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা’ প্রতিপাদ্য নিয়ে গতকাল বুধবার আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন করা হয়েছে। জেলা প্রশাসন, মহিলাবিষয়ক অধিদপ্তর, সরকারি-বেসরকারি দপ্তর এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধির পাঠানো খবর:
খুলনায় এ উপলক্ষে ৫-৮ মার্চ পর্যন্ত চার দিনব্যাপী মানববন্ধন, শোভাযাত্রা, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা, মহিলাদের প্রীতি ফুটবল প্রতিযোগিতা এবং বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতাদের পুরস্কার প্রদান ইত্যাদি কর্মসূচির আয়োজন করা হয়। দিবসটি উদ্যাপন উপলক্ষে গতকাল সকালে খুলনা সার্কিট হাউসে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য দেন খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি সরদার আনিসুর রহমান, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম হাবিব এবং খুলনা জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অলোকা নন্দা দাস। স্বাগত বক্তব্য দেন জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নার্গিস ফাতেমা।
পরে প্রধান অতিথিসহ অন্য অতিথিরা বিভাগীয় পর্যায়ে খুলনা জেলা থেকে নির্বাচিত বিগত বছরের তিনজন শ্রেষ্ঠ জয়িতা যথাক্রমে অলোকা নন্দা দাস, মুর্শিদা জব্বার রাণি ও কানিজ সুলতানাকে সম্মাননা প্রদান করেন। এ ছাড়া এআইপি প্রকল্পের সহায়তায় আশ্রয় ফাউন্ডেশনের বাস্তবায়নে খুচরা কৃষি উপকরণ বিক্রেতা তিনজন নারী যথাক্রমে তমলা বর্মণ, দীপালি কির্তনীয়া দাস ও সুবর্ণা সাহাকে সম্মাননা স্মারক দেওয়া হয়। অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ১০ জন শিক্ষার্থীর মাঝেও পুরস্কার দেওয়া হয়।
এ উপলক্ষে সকালে শহীদ হাদিস পার্ক থেকে জেলা প্রশাসক নাজমুল আহসানের নেতৃত্বে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা।
পিরোজপুর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যা লি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। এরপর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সালমা জাহানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. খায়রুল আলম শেখ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. ওয়ালিদ হোসেন।
সাতক্ষীরায় বেসরকারি সংস্থা স্বদেশ সাতক্ষীরার নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্তের সঞ্চালনায় জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা তারাময়ী মুখার্জির সভাপতিত্বে আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মো. আলতাফ হোসেন, সাতক্ষীরা সনাকের সভাপতি ড. দিলারা বেগম, আমরাই পারি সাতক্ষীরা জেলা কমিটির চেয়ারম্যান মো. আবদুল হামিদ, সাতক্ষীরা পৌরসভার প্যানেল চেয়ারম্যান ফারহা দিবা খান সাথি, পৌর কাউন্সিলর অনিমা রানী মণ্ডল প্রমুখ।
ফরিদপুর জেলা প্রশাসন ও জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা খন্দকার দৌলতানা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রতাপ চন্দ্র বিশ্বাস।
আলোচনায় অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, ফরিদপুর মহিলা পরিষদের সভানেত্রী শিপ্রা রায়, জেলা পরিষদের সদস্য ঝর্না হাসান, আভার নির্বাহী পরিচালক সুরেশ চন্দ্র হালদার, ব্লাস্টের শিপ্রা গোস্বামী, রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার, ব্র্যাক জেলা প্রতিনিধি এস এম জাহাঙ্গীর আলম প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম কর্মকর্তা আফরোজা সুলতানা।
এর আগে সকাল নয়টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে ফিরে আসে।
নারী দিবস উপলক্ষে বিকেলে সামাজিক প্রতিরোধ কমিটির উদ্যোগে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পরে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। পরে স্বাধীনতা চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
ঝালকাঠির জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বুধবার সকাল ১০টায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় দুগ্ধদানকারী মায়েদের সহায়তা তহবিল কর্মসূচির আওতায় ৮০০ ভাতাভোগীদের কার্ড বিতরণের উদ্বোধন করা হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক মানিকহার রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তরুণ কর্মকার, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মো. আলতাফ হোসেন প্রমুখ।