নানা আয়োজনে এক দশক পূর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শোভাযাত্রা, আলোচনা সভা, রক্তদান ও বৃক্ষরোপণ কর্মসূচিসহ নানা আয়োজনে গতকাল রোববার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক দশক পূর্তি উদ্যাপিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা আনন্দ-উল্লাসে মেতে ওঠেন।
সকাল সাড়ে ১০টায় কুয়েট ক্যাম্পাসে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপাচার্য মুহাম্মদ আলমগীর।
এরপর উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, ‘কুয়েটের শিক্ষার্থীরা নিজেদের বিকশিত করবে এবং দেশের সেবায় নিজেকে কাজে লাগাবে, এটিই আমাদের প্রত্যাশা। কুয়েটের অগ্রযাত্রা অব্যাহত থাকুক—আমরা সেই আশাবাদ ব্যক্ত করি।’
উদ্বোধনী অনুষ্ঠান শেষে ঘোড়ার গাড়ি, ঢোল, বাঁশি, বর্ণময় সাজে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এতে মন্ত্রী, উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের প্রধান ও পরিচালক, অতিথি, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন।
শোভাযাত্রা শেষে শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রস্থলে সদ্যনির্মিত মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘দুর্বার বাংলা’, কেন্দ্রীয় গ্রন্থাগারে ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ কর্নার’ মিলনায়তনের সামনে রক্তদান ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।