নানা আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গতকাল শুক্রবার বিভিন্ন স্থানে পালিত হয়েছে ঐতিহাসিক মুজিবনগর দিবস। প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর: 
ভোলা: বেলা ১১টায় ভোলার কবি মোজাম্মেল হক টাউন হলে মুজিবনগর দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। ভোলা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মো. সেলিম রেজার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক আবদুল মমিন, পুলিশ সুপার মনিরুজ্জামান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন প্রমুখ।
সভায় তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশ যে মুহূর্তে ভারত-পাকিস্তান থেকে জন্ম, শিশুমৃত্যু, মাতৃমৃত্যু, গড় আয়ু, দারিদ্র্যের সীমারেখায় ইতিবাচক দিকে এগিয়ে যাচ্ছে, সেই মুহূর্তে খালেদা জিয়া দেশকে স্তব্ধ করতে চাইছেন। দেশের অগ্রগতি রুদ্ধ করতে চেয়ে ব্যর্থ হয়েছেন।
ফরিদপুর: সকালে শহরের থানা রোডের জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর বঙ্গবন্ধু ও চার নেতার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক গোলাম রব্বানী মৃধা। পরে নেতা-কর্মীরা একটি শোভাযাত্রা বের করেন।
সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কে এম কামরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক সরদার সরাফত আলী। পরে জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
নড়াইল: সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনন্দ কুমার বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন জেলা প্রশাসক আবদুল গাফফার খান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস বোস, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, মুক্তিযোদ্ধা সাইফুর রহমান প্রমুখ।
চুয়াডাঙ্গা: বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। অন্যান্যের মধ্যে আলোচনায় শহীদ হোসেন, আতিয়ার রহমান, আশু বাঙ্গালী, ওহিম উদ্দিন, আছির উদ্দিন, আবদুস সাত্তার, আজাদ মালিতা প্রমুখ বক্তব্য দেন। আলোচনা শেষে জেলা শিল্পকলা একাডেমীর সদস্যদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।