নানা আয়োজনে জনসংখ্যা দিবস পালিত
নারী ও শিশু সবার আগে, বিপদে-দুর্যোগে প্রাধান্য পাবে—এই স্লোগান নিয়ে গতকাল শনিবার দেশজুড়ে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব জনসংখ্যা দিবসের মূল অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বঞ্চিত নারী ও শিশুদের পাশে সমাজের সর্বস্তরের মানুষকে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, সরকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বয়স্ক-ভাতা, বিধবা-ভাতা, মাতৃত্বকালীন ভাতা চালু করেছে। তবে নারী ও শিশুর সুরক্ষা নিশ্চিত করা শুধু সরকারের কাজ নয়। সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানকেই এই কাজে এগিয়ে আসতে হবে।
ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, ইউএনএফপিএর এদেশীয় প্রতিনিধি আর্জেন্টিনা ম্যাটাভেল পিচ্চিন।
এর আগে সকাল সাড়ে নয়টায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক পরিবারকল্যাণ মন্ত্রণালয় আয়োজিত শোভাযাত্রায় অংশ নেন। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে শোভাযাত্রা ওসমানী স্মৃতি মিলনায়তনে গিয়ে শেষ হয়।
এ ছাড়া দেশের বিভিন্ন বিভাগ, জেলা ও উপজেলা সদরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে দিবসটি পালিত হয়েছে।