নানা আয়োজনে জাতীয় পতাকা দিবস উদ্যাপন

মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন। এর সঙ্গেই আলোচিত হয় গর্বের লাল-সুবজ পতাকার বিষয়টি। এই পতাকার প্রথম আনুষ্ঠানিক উত্তোলন হয় ১৯৭১ সালের ২৩ মার্চ। নানা আয়োজনে দিবসটি উদ্যাপন করা হয় গতকাল সোমবার।
আয়োজনের নাম দেওয়া হয় ‘পতাকায় গৌরব, পতাকায় বিপ্লব’। আয়োজক জাতীয় পতাকা উৎসব উদ্যাপন কমিটি। সহযোগিতায় ছিল মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ পুলিশ।
১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি পতাকা পুড়িয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা উড়িয়েছিল মুক্তিপাগল বাঙালি। তৎকালীন কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের নেতারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে স্বাধীনতার প্রতীক এই জাতীয় পতাকা হস্তান্তর করেছিলেন।
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ পুলিশের সাংস্কৃতিক দল জাতীয় সংগীত পরিবেশন করে। কবিতা আবৃত্তির পর চলে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেন, ‘পৃথিবীর সব দেশে স্বাধীনতার বিরোধিতাকারীদের নিশ্চিহ্ন করা হয়েছে। দুর্ভাগ্য, বাংলাদেশে এটা করা যায়নি। ১৯৭১ সালের ১০ এপ্রিল যে সরকার গঠন করা হয়েছিল, সেই সরকারকে অনেকে মুজিবনগর সরকার বলে। অনেকে বলে অস্থায়ী সরকার। আসলে সেই সরকারের নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।’
অনুষ্ঠানে প্রথম জাতীয় পতাকার নকশাকার শিবনারায়ণ দাস বলেন, ‘আমরা যথাযোগ্যভাবে জাতীয় পতাকার ব্যবহার শিখি নাই। জানিও না, চেষ্টাও করি না।’ পতাকার নকশাপ্রণয়ন সম্পর্কে তিনি জানান, বিশ্বব্যাপী যাতে বিভ্রান্তি তৈরি না হয়, সে জন্য বাংলাদেশের ভৌগোলিক সীমারেখার মানচিত্র পতাকার মাঝখানে দেওয়া হয়েছিল। সোনার বাংলা বলে এতে সোনালি রং দেওয়া হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন অর রশীদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়েরউপাচার্য অধ্যাপক মীজানুর রহমান, সেক্টর কমান্ডারস ফোরামের চেয়ারম্যান কে এম সফিউল্লাহ প্রমুখ। সভাপতিত্ব করেন জাতীয় পতাকা উৎসব উদ্যাপন কমিটির আহ্বায়ক মাহফুজা খানম।
দিনব্যাপী অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীরা গান পরিবেশন করেন। এরপর গান করেন ক্লোজআপ শিল্পী মেহেরাব, শিল্পী কর্ণিয়া, ব্যান্ড সোলস ও বাপ্পা অ্যান্ড ফ্রেন্ডস।
জাসদ ছাত্রলীগের অনুষ্ঠান: জাতীয় পতাকা দিবস উপলক্ষে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ)।
প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
জাসদ ছাত্রলীগের সভাপতি মুহাম্মদ সামছুল ইসলামের সভাপতিত্বে এ সমাবেশ হয়। পরে সংগঠনের নেতা-কর্মীরা একটি মিছিল করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।