নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত
নানা কর্মসূচির মধ্য দিয়ে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে। গতকাল রোববার যুব উন্নয়ন অধিদপ্তর ও জেলা প্রশাসনের উদ্যোগে দিনটি পালিত হয়। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
দিনাজপুর: বেসরকারি যুব সংগঠনগুলোর সহযোগিতায় বেলা ১১টায় জেলা শিশু একাডেমী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মতিউর রহমান তালুকদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার রুহুল আমিন। আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু রায়হান মিঞা, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মাহফুজার রহমান প্রমুখ।
অনুষ্ঠানে যুব সমিতির সদস্যদের মধ্যে সনদ, যুব ঋণ, অনুদানের চেক ও পুরস্কার বিতরণ করা হয়।
নীলফামারী: জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সকালে একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। এরপর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুজিবুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান প্রমুখ। অন্যদিকে ডোমার উপজেলায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও সাবিহা সুলতানা।
পঞ্চগড়: ‘জেগেছে যুব, জেগেছে দেশ, লক্ষ্য ২০৪১-এ উন্নত বাংলাদেশ’ স্লোগানে সকালে একটি শোভাযাত্রা বের হয়। পরে জেলা শিল্পকলা একাডেমীতে যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আবুল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদুল আলম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার দীন মোহাম্মদ ও জেলা মৎস্য কর্মকর্তা আবদুস সালাম।