নানা আয়োজনে পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল সোমবার দিনাজপুরে পালিত হয়েছে ইয়াসমিন ট্র্যাজেডি দিবস। ইয়াসমিনের পরিবারসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন দিবসটি স্মরণে এবং সমাজে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে এসব কর্মসূচি পালন করে।
দিবসটি উপলক্ষে নিহত ইয়াসমিনের মা শরিফা বেগম গতকাল দিনাজপুর শহরের গোলাপবাগ এলাকায় বাড়িতে কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করেন। এ ছাড়া দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে এক গোলটেবিল বৈঠকের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংগঠন পল্লীশ্রী। এতে ধারণাপত্র উপস্থাপন করেন সংগঠনটির প্রকল্প সমন্বয়কারী ফৌজিয়া ইয়াসমিন। বৈঠকে আলোচনায় অংশ নেন পল্লীশ্রীর পরিচালক শামিম আরা বেগম, দিনাজপুর মহিলা পরিষদের সভানেত্রী কানিজ রহমান, সাংস্কৃতিক সংগঠন নবরূপীর সভাপতি আবদুস সামাদ, মহিলা আইনজীবী সমিতির তৈয়বা বেগম প্রমুখ।
মহিলা পরিষদ সকাল ১০টায় এবং সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাবের সামনের রাস্তায় মানববন্ধন করে। এ ছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শহরের শেখ জাহাঙ্গীর কবরস্থানে ইয়াসমিনের কবরে এবং দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের দশমাইল মোড়ে ইয়াসমিন স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
১৯৯৫ সালের ২৪ আগস্ট দিনাজপুরে কোতোয়ালি থানা-পুলিশের টহল দল ঢাকা থেকে নাইট কোচে আসা দিনাজপুর শহরের গোলাপবাগ এলাকার শরিফা বেগমের মেয়ে ইয়াসমিনকে (১৩) নিরাপদে বাড়িতে পৌঁছে দেওয়ার নাম করে দশমাইল মোড় থেকে পিকআপে তুলে নেন। এরপর পুলিশ সদস্যরা মেয়েটিকে ধর্ষণ শেষে হত্যা করে লাশ মহাসড়কের ধারে ফেলে দেন। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়ে দিনাজপুরবাসী। পুলিশ প্রতিবাদী জনতার মিছিলে নির্বিচারে গুলি ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এতে সামু, সিরাজ, কাদেরসহ সাতজন নিহত এবং তিন শতাধিক নারী-পুরুষ আহত হয়। প্রতিবাদ আন্দোলন ছড়িয়ে পড়ে দেশজুড়ে। দিনাজপুরবাসীর পক্ষে জেলা প্রশাসন ও পুলিশের বিরুদ্ধে সাতটি এবং তৎকালীন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী পরিদর্শক মাহতাব হোসেন বাদী হয়ে জনতার বিরুদ্ধে একটিসহ মোট আটটি মামলা হয়। ১৯৯৭ সালে রংপুর বিশেষ আদালতে ইয়াসমিন হত্যা মামলার সাক্ষ্য-প্রমাণ শেষে দোষী প্রমাণিত তিন পুলিশ এএসআই মইনুল হোসেন, কনস্টেবল আবদুস সাত্তার ও পিকআপ চালক অমৃত লাল বর্মণকে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়। ২০০৪ সালে রংপুর কারাগারে এ রায় কার্যকর করা হয়।