নানা আয়োজনে বর্ষবরণ
শোভাযাত্রা, আলোচনা সভা, বৈশাখী মেলা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে মধ্য দিয়ে গত মঙ্গলবার সারা দেশে বাংলা নববর্ষ উদ্যাপিত হয়েছে।
আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সিলেট: নগরের কাজীটোলা এলাকার বেসিক বেইজ স্কুলের প্রাঙ্গণে বিকেল তিনটায় শিশুসংগঠন পাঠশালা আয়োজিত বর্ষবরণ উৎসবের উদ্বোধন করেন শিল্পী সুষমা দাশ। অনুষ্ঠানে শিশুবিষয়ক পত্রিকা পাঠশালার নববর্ষ সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। মীরাবাজার এলাকার মডেল হাইস্কুল প্রাঙ্গণে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সিলেট জেলা সংসদের বর্ষবরণ উৎসবের আয়োজন করা হয়। সিটি করপোরেশনের উদ্যোগে নগরের কিনব্রিজ এলাকার সারদা হল প্রাঙ্গণ থেকে সকালে বের করা হয় মঙ্গল শোভাযাত্রা। সকাল আটটায় মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে পূর্ব শাহী ঈদগাহ এলাকার জেলা শিল্পকলা একাডেমিতে শুরু হয় বর্ষবরণ উৎসব। এ ছাড়া বিভিন্ন সংগঠনের উদ্যোগে এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট এমসি কলেজে নানা আয়োজনে নববর্ষকে বরণ করা হয়। এ ছাড়া চৈত্রসংক্রান্তি উপলক্ষে সিলেটের লাক্কাতোরা চা-বাগান এলাকায় আয়োজন করা হয় চড়ক পূজার।
ময়মনসিংহ: সকাল সাড়ে আটটায় শহরের মুকুল নিকেতন উচ্চবিদ্যালয় থেকে বের হয় শোভাযাত্রা। শোভাযাত্রার উদ্বোধন করেন ধর্মবিষয়ক মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। শোভাযাত্রাটি সকাল নয়টায় জয়নুল উদ্যানের স্থায়ী বৈশাখী মঞ্চে গিয়ে শেষ হয়। সেখানে নববর্ষকে বরণ করে নিতে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় আনন্দ অনুষ্ঠানের। সকাল সাড়ে ১০টায় আনন্দ আয়োজনে যোগ দেন জাতীয় সংসদের বিরোধী দলের নেতা রওশন এরশাদ।
মৌলভীবাজার: মৌলভীবাজার প্রেসক্লাব ও রেড ক্রিসেন্ট কার্যালয়ের সামনে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার প্রথম দিনে বর্ষবিদায় ও দ্বিতীয় দিনে বর্ষবরণের আয়োজন করা হয়। এতে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা গান, নৃত্য-আবৃত্তি করেন। একক সংগীত পরিবেশন করেন শিল্পী অংশুমান চক্রবর্তী। বাংলার উৎসব উদ্যাপন পরিষদ বের করে শোভাযাত্রা এবং চৈতালি নামের একটি স্মারকপত্র। সম্মিলিত সাংস্কৃতিক কর্মী সংসদ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে। নববর্ষের প্রথম দিন সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা শোভাযাত্রায় অংশ নেন।
সুনামগঞ্জ: সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শহরে মঙ্গল শোভাযাত্রা বের হয়। দিনভর শহরের সরকারি জুবিলী উচ্চবিদ্যালয় মাঠে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। মঙ্গল শোভাযাত্রায় সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহ, সাংসদ শামসুন্নাহার বেগম প্রমুখ অংশ নেন। এ ছাড়া জেলা উদীচী শিল্পীগোষ্ঠী, লোকদল শিল্পীগোষ্ঠী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান নানা আয়োজন করে বর্ষবরণ উপলক্ষে।
শেরপুর: শহীদ দারোগ আলী পৌর পার্কের মাঠে বর্ষবরণ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলা শিল্পকলা একাডেমির ও স্থানীয় শিল্পীরা সংগীত এবং নৃত্য পরিবেশন করেন। এ ছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহরে শোভাযাত্রা, মেলা, খেলাধুলা ও আলোচনা সভার আয়োজন করে। বিকেলে শহীদ দারোগা আলী পৌর পার্কে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
ভৈরব: বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ব্যবস্থাপনায় মেঘনা নদীর পাড়ে বৈশাখী মেলার আয়োজন করা হয়। সকালে একই সংগঠন ভৈরব বাজার থেকে মঙ্গল শোভাযাত্রা বের করে। সকালে উপজেলা প্রশাসনও পৃথক শোভাযাত্রা বের করে। উপজেলা পরিষদ কার্যালয়ের খোলা মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। শহরে জেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
শাহজালাল বিশ্ববিদ্যালয়: সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ থেকে উপাচার্য মো. আমিনুল হক ভূঁইয়ার নেতৃত্বে শোভাযাত্রা বের করা হয়। প্রথম আলো বন্ধুসভা, শিকড়, মাভৈঃ আবৃত্তি সংসদ, ট্যুরিস্ট ক্লাবসহ বিভিন্ন সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন বৈশাখী স্টলে আড্ডা ও প্রদর্শনীর আয়োজন করে।