নানা আয়োজনে বর্ষবরণ
শোভাযাত্রা, আলোচনা সভা, বৈশাখী মেলা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে মধ্য দিয়ে গত মঙ্গলবার সারা দেশে বাংলা নববর্ষ উদ্যাপিত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
নারায়ণগঞ্জ: সকালে জেলা প্রশাসন জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বরে আয়োজন করে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার। নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বরণ করে দিনটি। ভোরে শিশু একাডেমী শহরের মিশনপাড়ায় লেডিস ক্লাব প্রাঙ্গণে বর্ষবরণের আয়োজন করে। নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব দুপুরে শহরের সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে কণ্ঠশিল্পী কণা ও হৃদয় খানের সংগীতানুষ্ঠানের আয়োজন করে। নারায়ণগঞ্জ ক্লাব আয়োজন করে বৈশাখী মেলা ও সংগীতানুষ্ঠানের।
নরসিংদী: সকালে নরসিংদী সরকারি কলেজ থেকে মুসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম পর্যন্ত শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সংগঠনের সদস্যরা অংশ নেন। বিকেলে স্টেডিয়ামে পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম তিন দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন। সেখানে কাবাডি, দাঁড়িয়াবান্ধা, বউচি, মোরগের লড়াই, বাঁধা-বিপত্তিসহ বিভিন্ন গ্রামীণ খেলা অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ১০টায় স্টেডিয়ামে প্রথম আলো নরসিংদী বন্ধুসভার উদ্যোগে সোনালী গ্রুপের সহযোগিতায় ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়।
মুন্সিগঞ্জ: সকাল সাড়ে সাতটায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ষবরণ শোভাযাত্রা বের হয়। ঘোড়ার গাড়ি, বাদ্যযন্ত্রসহ নানা সাজে শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়। জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইনসে নববর্ষ উদ্যাপনে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিলেট: নগরের কাজীটোলা এলাকার বেসিক বেইজ স্কুলের প্রাঙ্গণে বিকেল তিনটায় শিশুসংগঠন পাঠশালা আয়োজিত বর্ষবরণ উৎসবের উদ্বোধন করেন শিল্পী সুষমা দাশ। অনুষ্ঠানে শিশুবিষয়ক পত্রিকা পাঠশালার নববর্ষ সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। মীরাবাজার এলাকার মডেল হাইস্কুল প্রাঙ্গণে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সিলেট জেলা সংসদের বর্ষবরণ উৎসবের আয়োজন করা হয়। সিটি করপোরেশনের উদ্যোগে নগরের কিনব্রিজ এলাকার সারদা হল প্রাঙ্গণ থেকে সকালে বের করা হয় মঙ্গল শোভাযাত্রা। সকাল আটটায় মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে পূর্ব শাহী ঈদগাহ এলাকার জেলা শিল্পকলা একাডেমিতে শুরু হয় বর্ষবরণ উৎসব।
এ ছাড়া বিভিন্ন সংগঠনের উদ্যোগে এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট এমসি কলেজে নানা আয়োজনে নববর্ষকে বরণ করা হয়। এ ছাড়া চৈত্রসংক্রান্তি উপলক্ষে সিলেটের লাক্কাতোরা চা-বাগান এলাকায় আয়োজন করা হয় চড়ক পূজার।
সুনামগঞ্জ: সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শহরে মঙ্গল শোভাযাত্রা বের হয়। দিনভর শহরের সরকারি জুবিলী উচ্চবিদ্যালয় মাঠে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। মঙ্গল শোভাযাত্রায় সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহ, সাংসদ শামসুন্নাহার বেগম প্রমুখ অংশ নেন। এ ছাড়া জেলা উদীচী শিল্পীগোষ্ঠী, লোকদল শিল্পীগোষ্ঠী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান নানা আয়োজন করে বর্ষবরণ উপলক্ষে।