নানা আয়োজনে বর্ষবিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল সোমবার পুরোনো বছরকে বিদায় জানাল আদিবাসীরা। এদিকে আদিবাসীদের বর্ষবিদায় ও বরণ উৎসবের আনুষ্ঠানিকতা দেখতে রাঙামাটিতে ভিড় করেছেন পর্যটকেরা।
পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের প্রধান সামাজিক উৎসব বিঝু, সাংগ্রাই, বৈসুক, বিষু, বিহু। আদিবাসীরা পুরোনো বছরকে বিদায় ও নতুন বছরকে বরণে নানা আনুষ্ঠানিকতায় তিন দিন অতিবাহিত করে। গতকাল ছিল দ্বিতীয় দিন। গতকাল সব বাড়িতে অতিথিদের খাওয়ানো হয়। স্বজন, প্রতিবেশী, বন্ধুবান্ধব থেকে শুরু করে পরিচিত-অপরিচিত সবার জন্য প্রতিটি পরিবারে থাকে খাবারের আয়োজন।
বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিলের (বিএমএসসি) রাঙামাটি জেলা সভাপতি সানু মং মারমা বলেন, ‘আদিবাসীরা বছরের এই একটি দিনের জন্য অপেক্ষায় থাকে। বছর শেষের এই দিনটি সবার জন্য আনন্দের।’ সহপাঠীদের নিয়ে ব্যাপক উৎসাহ নিয়ে সারা দিন বিভিন্ন বাড়িতে ঘুরেছেন বলে জানান তিনি।
এদিকে টানা অবরোধ-হরতালের কারণে পর্যটন মৌসুমে রাঙামাটি ছিল পর্যটকশূন্য। তবে আদিবাসীদের বর্ষবিদায় ও বরণ উৎসবের আনুষ্ঠানিকতা দেখতে পর্যটকেরা রাঙামাটিতে ভিড় জমিয়েছেন বলে জানিয়েছেন হোটেল-মোটেলের মালিকেরা।
রাঙামাটির আবাসিক হোটেল মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. নেছার আহমেদ জানান, এ সপ্তাহে শহরের প্রায় প্রতিটি হোটেল-মোটেলে পর্যটক বেড়েছে।
ঢাকা থেকে আসা মো. মহিউদ্দিন (৪৮) বলেন, তিনি অনেক বছর ধরে শুনে আসছেন বিঝু উৎসবের কথা। কোনো দিন সুযোগ হয়নি দেখার। এ বছর পরিবার নিয়ে এসেছেন। আদিবাসীদের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে খুবই ভালো লাগছে।