নানা আয়োজনে শেখ কামালের জন্মদিন পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা আয়োজনে গতকাল সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ ছেলে শেখ কামালের ৬৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসহ বিভিন্ন সামাজিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।
গতকাল সকাল নয়টায় আওয়ামী লীগের পক্ষ থেকে ধানমন্ডির আবাহনী ক্লাব প্রাঙ্গণে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও সকাল ১০টায় বনানী কবরস্থানে শেখ কামালসহ ১৫ আগস্টে নিহত ব্যক্তিদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। সেখানে কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের কর্মসূচিতে অংশ নেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী, সতীশ চন্দ্র রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দপ্তর সম্পাদক আব্দুল মান্নান খানসহ দলীয় নেতারা। এরপর শেখ কামালের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, কার্যকরী সভাপতি ফজলুল হক ও সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম প্রমুখ।
এ ছাড়া ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে এক আলেচনা সভার আয়োজন করে। এতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক এবং ছাত্রলীগের নেতারা বক্তব্য দেন।
শেখ কামাল ১৯৪৯ সালের ৪ আগস্ট তদানীন্তন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ২৬ বছর বয়সে তিনি নিহত হন।