নানা আয়োজনে হুমায়ূন আহমেদকে স্মরণ ভক্তদের
জনপ্রিয় লেখক, কথাসাহিত্যিক ও নাট্যকার প্রয়াত হুমায়ূন আহমেদের ৬৭তম জন্মদিনে তাঁর প্রতি ভালোবাসা জানালেন স্বজন ও ভক্তরা। গাজীপুরের পিরুজালী গ্রামে নুহাশপল্লী ও লেখকের পৈতৃক বাড়ি নেত্রকোনার কেন্দুয়ায় গতকাল শুক্রবার নানা আনুষ্ঠানিকতায় এ দিনটি উদ্যাপন করেন তাঁরা।
গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে নুহাশপল্লীর সব স্থাপনায় মোমবাতি প্রজ্বালন কের শুরু হয় জন্মদিন উদ্যাপনের আনুষ্ঠানিকতা। গতকাল সকাল সাড়ে নয়টার দিকে নুহাশপল্লীর আপেলগাছতলায় ভাস্কর হাসান মাহমুদের নির্মাণ করা হুমায়ূন আহমেদের একটি ম্যুরাল উন্মোচন করা হয়। হুমায়ূনের স্ত্রী মেহের আফরোজ শাওন, ছেলে নিষাদ নিনিত ও অন্য স্বজনেরা ছাড়াও এ সময় শিল্পী এস আই টুটুলসহ ভক্তরা উপস্থিত ছিলেন।
পরে জন্মদিনের কেক কাটা হয়। এরপর হুমায়ূন আহমেদের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও আত্মার মাগফিরাত কামনা করা হয়। অনুষ্ঠানে মেহের আফরোজ রাষ্ট্রীয়ভাবে জন্মদিন পালনের দাবি জানান।
কেন্দুয়ায় হুমায়ূন আহমেদের প্রতিষ্ঠিত স্কুল ‘শহীদ স্মৃতি বিদ্যাপীঠ’, হুমায়ূন ভক্ত পরিষদ ও এলাকাবাসী নানা আয়োজনে জন্মদিন পালন করেন।