নানা আয়োজনে অমল সেনের মৃত্যুবার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের বাঘারপাড়া উপজেলার বাঁকড়িতে কমরেড অমল সেনের স্মরণে দুই দিনব্যাপী মেলা গতকাল শুরু হয়েছে l ছবি: প্রথম আলো
যশোরের বাঘারপাড়া উপজেলার বাঁকড়িতে কমরেড অমল সেনের স্মরণে দুই দিনব্যাপী মেলা গতকাল শুরু হয়েছে l ছবি: প্রথম আলো

বাংলাদেশে কমিউনিস্ট আন্দোলনের পথিকৃৎ, তেভাগা আন্দোলনের অন্যতম পুরোধা অমল সেনের ১৪তম মৃত্যুবার্ষিকী গতকাল মঙ্গলবার পালিত হয়েছে। এ উপলক্ষে যশোরের বাঘারপাড়া উপজেলার বাকড়ী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অমল সেন স্মৃতি রক্ষা কমিটির আয়োজনে গতকাল থেকে দুই দিনব্যাপী মেলা শুরু হয়েছে। এ ছাড়া শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আবৃত্তি, গণসংগীত, গণনাটক, গণসংগ্রামভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
গতকাল বেলা তিনটায় বিদ্যালয় চত্বরে সরলা সিংহ মঞ্চে স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অমল সেন স্মৃতি রক্ষা কমিটির সভাপতি ইকবাল কবির জাহিদ। প্রধান অতিথি ছিলেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য আনিসুর রহমান মল্লিক। বক্তব্য দেন স্মৃতি রক্ষা কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি বিমল বিশ্বাস, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য ও সাতক্ষীরা-১ আসনের সাংসদ মোস্তফা লুৎফুল্লাহ, কেন্দ্রীয় কমিটির সদস্য ও নড়াইল-২ আসনের সাংসদ হাফিজুর রহমান, বরিশাল-৩ আসনের সাংসদ টিপু সুলতান, পার্টির কেন্দ্রীয় সদস্য আবদুর রশিদ, ন্যাশনাল আওয়ামী পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য হারুণ অর রশিদ প্রমুখ।
বক্তারা বলেন, ব্যাংকসহ বিভিন্ন খাতের হাজার হাজার কোটি টাকা লুটপাট হচ্ছে। আর গ্রামের খেটে খাওয়া মানুষের ভাগ্য বদলে তেমন কোনো কাজ হচ্ছে না। রাজনীতি এখন শহরকেন্দ্রিক ও ধনীদের হাতে জিম্মি হয়ে গেছে।