নানা আয়োজনে আইনগত সহায়তা দিবস পালিত
দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় গতকাল মঙ্গলবার নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত হয়েছে। দিবসটির এবারের স্লোগান: ‘সরকারি আইনি সহায়তা পাওয়ার উন্মুক্ত হলো দ্বার, বিকল্প বিরোধ নিষ্পত্তি সংযুক্ত হলো এবার’।
দারিদ্র্য ও সামাজিক প্রতিবন্ধকতার কারণে কেউ যেন আইনি সহায়তা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যে এ দিবস পালন করা হয়।
ফরিদপুর: জেলায় আইনি সহায়তা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যায় পর্যন্ত পাঠ্যসূচিতে আইনবিষয়ক তথ্য সন্নিবেশের দাবি জানানো হয়েছে। শহরের কবি জসীমউদ্দীন হল মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করে জেলা লিগ্যাল এইড কমিটি।
সভায় বক্তব্য দেন ফরিদপুরের পুলিশ সুপার জামিল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবদুর রশিদ, জেলার মুখ্য বিচারিক হাকিম রুনা নাহিদ আক্তার প্রমুখ। পুলিশ সুপার বলেন, ‘আমরা আইন জানি না, জানতে চাই না, জানলেও মানতে চাই না। হাত ধরে না শেখালে আইনের প্রতি সম্মান জানাই না।’ এ অবস্থার অবসানের জন্য তিনি পাঠ্যসূচিতে আইনবিষয়ক তথ্য সন্নিবেশের দাবি জানান। এ ছাড়া সকাল সাড়ে আটটায় একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জজকোর্ট প্রাঙ্গণ থেকে শুরু হয়ে জসীমউদ্দীন হলে গিয়ে শেষ হয়। আদালত প্রাঙ্গণে মেলা ও রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।
নড়াইল: দিবসটি উপলক্ষে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা শহরে শোভাযাত্রা, আলোচনা সভার আয়োজন করে। সকাল ১০টায় জেলা জজ আদালত কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রাটি বের করা হয়। বিকেলে শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ এবং জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার জেলা সভাপতি মো. আবুল বাশার মুন্সী। লিগ্যাল এইডের পক্ষে ভালো কর্মদক্ষতা দেখানোর জন্য অনুষ্ঠানে মো. আলমগীর সিদ্দিকী ও রাজিয়া সুলতানাকে সম্মাননা জানানো হয়।
আইনজীবী সূত্রে জানা গেছে, গত এক বছরে জেলায় আইনগত সহায়তার জন্য মোট ৩২৯টি আবেদন জমা পড়ে। আগের অনিষ্পত্তি আবেদন ছিল ১ হাজার ৫৮০টি। এর মধ্যে গত এক বছরে ২৪৬টি মামলার নিষ্পত্তি হয়েছে। এ জন্য আইনজীবীদের ফি দেওয়া হয়েছে প্রায় সাড়ে চার লাখ টাকা। বর্তমানে জেলা আইনগত সহায়তা প্রদান সংস্থার কাছে ১ হাজার ৬৬৩টি মামলা চলমান রয়েছে। এসব মামলা পরিচালনার জন্য ৪২ সদস্যবিশিষ্ট একটি প্যানেল আছে।
বাগেরহাট: জেলা আইনগত সহায়তা কমিটির উদ্যোগে বাগেরহাট আদালত চত্বরের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বাগেরহাট-খুলনা সড়ক প্রদক্ষিণ শেষে আদালত চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রায় ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মহিদুজ্জামান, মুখ্য বিচারিক হাকিম মো. জিয়া হায়দার, বাগেরহাট-৪ আসনের সাংসদ মোজাম্মেল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আরিফ নাজমুল হাসান প্রমুখ অংশ নেন। পরে বেসরকারি সংস্থা রূপান্তরের শিল্পীরা সচেতনতামূলক সংগীত পরিবেশন করেন।
সাতক্ষীরা: সকালে সাতক্ষীরা জেলা ও দায়রা জজ জোয়ার্দ্দার মো. আমিরুল ইসলামের নেতৃত্বে শহরের পুরোনো কোর্ট চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নতুন জজকোর্ট চত্বর গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা হয়। এতে জেলা ও দায়রা জজ সভাপতিত্ব করেন।