নানা আয়োজনে আইনগত সহায়তা দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘গরিব-দুঃখীর বিচার পাওয়ার অধিকার, বর্তমান সরকারের অঙ্গীকার’—এ প্রতিপাদ্য সামনে রেখে এবার নানা আয়োজনের মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানে গতকাল বৃহস্পতিবার জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো সংবাদ:
নাটোর: সকাল নয়টায় জেলা জজ রেজাউল করিম ও জেলা প্রশাসক খলিলুর রহমানের নেতৃত্বে শোভাযাত্রা বের হয়। জেলা জজ আদালত ভবনের সামনে থেকে শোভাযাত্রাটি বেরিয়ে আবার আদালত চত্বরে ফিরে আসে। শোভাযাত্রায় নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক হাসান মাহমুদ, পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জী, মুখ্য বিচারিক হাকিম মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী, জেলা আইনজীবী সমিতির সভাপতি সুশান্ত কুমার ঘোষসহ বিচারক প্রমুখ অংশ নেন। পরে আদালত চত্বরে আইনগত সহায়তা মেলা অনুষ্ঠিত হয়। মেলায় পথনাটক, রক্তদান, ডায়াবেটিস পরীক্ষা, আইনি পরামর্শ প্রদান ও আলোচনা সভা হয়।
চাঁপাইনবাবগঞ্জ: জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে সকালে শোভাযাত্রা বের করা হয়। এতে বিচারক, আইনজীবী, জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগীয় কর্মকর্তা, বিভিন্ন আইন ও বিচার-সংশ্লিষ্ট ব্যক্তি ও সংস্থার প্রতিনিধি, স্বেচ্ছাসেবী ও সাধারণ মানুষ অংশ নেন। শোভাযাত্রা শেষে আদালত চত্বরে সাধারণ মানুষকে আইনগত সহায়তা দিতে আয়োজিত দিনব্যাপী ‘লিগ্যাল এইড মেলা’র উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি জেলা ও দায়রা জজ এনামুল বারী। পরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ জিয়াউর রহমান, পুলিশ সুপার বশির আহম্মেদ প্রমুখ।
বাগমারা (রাজশাহী): উপজেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে গতকাল সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আক্তারের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয়ে ভবানীগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহীদ মিনার চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে রাজশাহী অঞ্চলের ঐতিহ্যবাহী গম্ভীরা গানের আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে উপজেলা পরিষদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দুপচাঁচিয়া (বগুড়া): কাহালুতে উপজেলা লিগ্যাল এইড কমিটি ও লাইট হাউস বগুড়ার যৌথ আয়োজনে শোভাযাত্রা হয়। পরে ইউএনও তাছলিমা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান তায়েব আলী, ওসি (তদন্ত) আনিছুর রহমান প্রমুখ।