নানা আয়োজনে ঈদ উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদ আনন্দ : ঈদ উপলক্ষে বগুড়া শহরের ব্যস্ততম সাতমাথা এলাকায় শিশুদের হরেক রকমের খেলনার পসরা সাজিয়েছেন বিক্রেতারা। ছবিটি গত বুধবার বিকেলে তোলা l প্রথম আলো
ঈদ আনন্দ : ঈদ উপলক্ষে বগুড়া শহরের ব্যস্ততম সাতমাথা এলাকায় শিশুদের হরেক রকমের খেলনার পসরা সাজিয়েছেন বিক্রেতারা। ছবিটি গত বুধবার বিকেলে তোলা l প্রথম আলো

ঈদুল আজহা উপলক্ষে দেশের অবস্থাসম্পন্ন মুসলিম সম্প্রদায়ের পশু কোরবানির পাশাপাশি শিশু-কিশোর, তরুণ-তরুণীরা মেতে উঠেছেন নানা আনন্দ আয়োজনে। পার্ক, নদীর পাড়সহ নানা বিনোদনকেন্দ্রে ছিল উপচে পড়া ভিড়। নানা সংগঠন আয়োজন করে ঈদ পুনর্মিলনীর। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
বগুড়া: শহরের বিনোদন পার্ক, প্রেমযমুনার ঘাট, মহাস্থানগড়, বেহুলার বাসরঘর প্রভৃতি স্থানে ঈদের দিন থেকে গতকাল পর্যন্ত ছিল উপচে পড়া ভিড়। শহরের ঐতিহাসিক সাতমাথা চত্বরে অন্য বছরের মতো এবারও বসেছিল বর্ণালি ঈদ আনন্দ মেলা। ঈদের দিন বিকেল থেকে শিশুদের ভিড় ছিল শহরের এডওয়ার্ড শশি পার্ক, ওয়ান্ডারল্যান্ড, নওয়াব প্যালেসেও।
গতকাল বিকেলে মহাস্থানগড়ের মহাস্থান জাদুঘরের কর্মকর্তা মুজিবর রহমান বলেন, ঈদের দিন থেকেই মহাস্থানগড়, গোবিন্দভিটা, গোকুল মোড় ও ভাসুবিহারে দর্শনার্থীদের ঢল নেমেছে। জাদুঘর ও বেহুলার বাসরঘর থেকে বিপুল অঙ্কের দর্শনিও আদায় হয়েছে।
সিরাজগঞ্জ: জেলার এনায়েতপুর গ্রামের উত্তরপাড়ার দরিদ্র তাঁতিরা ঐক্যবদ্ধ হয়ে এক ব্যতিক্রমী ঈদ পুনর্মিলনী উদ্যাপন করেছেন। ‘চলো গড়ি ঐক্যের বাঁধন, ভুলে দ্বিধাদ্বন্দ্ব’ স্লোগান নিয়ে গতকাল বৃহস্পতিবার সকালে এনায়েতপুর পুরাতন বাজারে উত্তরপাড়ার সর্বস্তরের তিন শতাধিক মানুষ সমবেত হয়। পরে সেখান থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এনায়েতপুর বাজার থেকে এটি শুরু হয়ে খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ হাসপাতাল গেট, কেজির মোড়সহ এলাকার গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে এনায়েতপুর বাজারে এসে শেষ হয়। সেখানে সমাজসেবক ফজলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন আকতারুজ্জামান তালুকদার, গোলজার হোসেন সরকার, আবদুস ছামাদ প্রামাণিক, লেবু প্রামাণিক, রেজাউল করিম সরকার, ছাদ্দাম শেখ প্রমুখ।
নীলফামারী: জেলার জলঢাকা উপজেলায় উপজেলা পরিষদের সহযোগিতায় ৩২১টি ভিক্ষুক পরিবারের মাঝে গত বুধবার দুপুরে ঈদ উপলক্ষে চাল ও মাংস বিতরণ করা হয়। চাল ও মাংস পেয়ে খুশি উপজেলার কাজিরহাট গ্রামের দৃষ্টিপ্রতিবন্ধী নেল্লা মামুনের পাঁচ সদস্যের পরিবার। নেল্লা মামুন বলেন, ‘প্রত্যেকবার হামরা আশা করি, ঈদের দিন গোস্ত-ভাত খামো। কিন্তু সেভাবে জুটে না। এইবার হামরা নিজের বাড়িত ভাত-গোস্ত আন্ধি (রান্না) খাইনো।’
উপজেলা পরিষদ চত্বরে ওই চাল ও মাংস বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আলী, ইউএনও মুহাম্মদ রাশেদুল হক প্রধান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হামিদুর রহমান, উপজেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক এ কে আজাদ প্রমুখ।
ইউএনও মুহাম্মদ রাশেদুল হক প্রধান বলেন, ঈদ আনন্দ ভাগাভাগি করতে ওই আয়োজন করা হয়।
রায়গঞ্জ (সিরাজগঞ্জ): এ উপজেলায় বিকেল থেকেই পৌরপার্ক, ফুলজোড় নদীর দুই পাড় এবং নদীতে নৌভ্রমণের জন্য দলে দলে লোকজন আসতে থাকে। ধানগড়া এলাকার আশরাফুল আলম বলেন, ‘ঈদের কাজ সেরে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়েছি।’
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম বলেন, ঈদে উপজেলার বিভিন্ন এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
কুড়িগ্রাম: এখানে বিনোদন পার্ক না থাকায় নদনদীর তীরগুলো হয়ে উঠেছে ঈদের আনন্দে মেতে থাকা মানুষের প্রধান স্থান। ঈদে বিভিন্ন বয়সী নারী-পুরুষের কোলাহলে জমজমাট হয়ে ওঠে নদীর তীরগুলো।
কুড়িগ্রাম শহরের ওপর দিয়ে বয়ে গেছে ধরলা নদী। নদীর ওপরে সেতু। পাশ দিয়ে বিশাল গাইড বাঁধ আর সারি সারি গাছ। ঈদের প্রথম দিন থেকে শিশু-কিশোর, যুবক-যুবতীসহ শত শত মানুষ ধরলা সেতু এবং গাইড বাঁধে সময় কাটাতে আসে। এখানে মানুষের ভিড়কে কেন্দ্র করে গড়ে উঠেছে অস্থায়ী খেলনার দোকান, খাবারের দোকান।
গতকাল বৃহস্পতিবার বিকেলে ধরলার পাড়ে কথা হয় এখানে বেড়াতে আসা শফিকুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘কুড়িগ্রামে বিনোদন বলতেই এই জায়গাটি। অথচ সড়ক জনপদের বিশাল ফাঁকা জায়গাটি শিশুপার্কের জন্য দিলে ভালো হতো।’
কুড়িগ্রাম পৌরসভার জ্যেষ্ঠ কমিশনার রোস্তম আলী বলেন, ধরলার পাড়ে ঈদের সময় শুধু কুড়িগ্রামের মানুষই আসে না। আশপাশের উপজেলা থেকেও মানুষ এখানে আসে বিনোদনের জন্য। এখানে একটি শিশুপার্ক করার পরিকল্পনা রয়েছে।
জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন বলেন, ‘ধরলা নদীর পাড়ে পার্কটি ভীষণ প্রয়োজন। প্রস্তাব পাঠানো হয়েছে। চেষ্টা করছি দ্রুত বাস্তবায়নের জন্য।’
দুপচাঁচিয়া (বগুড়া): এখানে ঈদের পর গত দুদিনে মিষ্টির দোকানগুলোতে ক্রেতাদের ভিড় ছিল লক্ষণীয়। এ সুযোগে দোকানিরা পণ্যের দাম ইচ্ছেমতো বাড়িয়ে দিয়ে মুনাফা লুটাচ্ছেন বলে অভিযোগ ক্রেতাদের।
গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের সিও অফিস বাসস্ট্যান্ড রাস্তার দুই পাশে মিষ্টির দোকানগুলোতে দেখা যায় প্রচুর ভিড়। সদরের বাসিন্দা ইমন খন্দকার বলেন, ‘ঈদে শ্বশুরবাড়িতে দাওয়াত খেতে যাব। কোরবানি মাংসের পাশাপাশি মিষ্টি ও দই না নিলে জামাইয়ের মান থাকবে না। তাই দাম বেশি হওয়ার পরও দই-মিষ্টি নিতে হচ্ছে। কিন্তু এত ভিড়, আধ ঘণ্টা ধরে দাঁড়িয়ে থেকেও পণ্য হাতে পাইনি।’
সদরের তেমাথায় অবস্থিত পলাশ দধি ভান্ডার ও মিষ্টির দোকানির মালিক পলাশ ঘোষ বলেন, ‘দুধের দাম খুব বেশি। কম দামে দুধ কিনে একটি সরাইয়ে (পৌনে এক কেজি দই) যে লাভ হতো, বেশি দামের দুধে তা হয় না।’