নানা আয়োজনে উদীচী ট্র্যাজেডির শহীদদের স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরে উদীচী ট্র্যাজেডির ১৭ বছর পূর্ণ হলো গতকাল ৬ মার্চ, রোববার। এ উপলক্ষে ‘ঝরেছে রক্ত, ঝরুক রক্ত আমরা হারবো না, শহীদের খুনে রাঙা রাজপথ আমরা ছাড়ব না’ স্লোগান নিয়ে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়।
আদালত ও উদীচী সূত্রে জানা গেছে, ১৯৯৯ সালের এদিনে যশোর টাউন হল মাঠে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর দ্বাদশ জাতীয় সম্মেলনের শেষ দিনে সাংস্কৃতিক অনুষ্ঠানে দুটি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটে। এতে ১০ জন শিল্পী নিহত হন। আহত হয় আড়াই শতাধিক নিরীহ মানুষ। নৃশংস এই হত্যাকাণ্ডের ১৭ বছর পার হলেও বিচারের মুখোমুখি করা যায়নি হামলাকারীদের। ওই ঘটনার পরের বছর থেকে দিনটি সংস্কৃতি দিবস হিসেবে পালন করে উদীচী।
সকালে রক্তদান কর্মসূচির মধ্য দিয়ে দিনের অনুষ্ঠান শুরু হয়। এরপর হামলাকারীদের বিচার দাবি করে বিকেল পাঁচটা এক মিনিটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যশোর জেলা সংসদের সভাপতি ডি এম শাহিদুজ্জামানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন উদীচীর দ্বাদশ জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান ও যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি কাজী আবদুস শহীদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা কমিটির সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিটের কমান্ডার রাজেক আহমেদ, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, সুরধুনী সংগীত নিকেতনের সভাপতি হারুন-অর-রশীদ, সুরবিতান সংগীত একাডেমির সভাপতি আবু সালেহ, সিপিবি সভাপতি আবুল হোসেন, বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য হাবিবা শেফা, জেলা শাখার সাধারণ সম্পাদক তন্দ্রা ভট্টাচার্য, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দৌলা, গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম প্রমুখ।
সন্ধ্যা সাতটায় শহরের টাউন হল মাঠে উদীচী ট্র্যাজেডির স্মারক স্তম্ভে মশাল প্রজ্বালন করেন যশোরের সামাজিক ও সাংস্কৃতিক কর্মীরা। এ সময় ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পুণ্য করো’ গানটি পরিবেশন করেন উদীচীর বন্ধুরা।