নানা আয়োজনে উদ্যাপিত হলো নজরুলজয়ন্তী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানে গতকাল বুধবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জয়ন্তী উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে সরকারি-বেসরকারি ও বিভিন্ন সংগঠন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি আলোচনা সভা এবং বিভিন্ন রকম প্রতিযোগিতার আয়োজন করে। আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ:
সিরাজগঞ্জ: নজরুল একাডেমি সিরাজগঞ্জ জেলা শাখা পাঁচ দিনব্যাপী নজরুল জন্মোৎসবের আয়োজন করেছে। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক বিল্লাল হোসেন। শহরের বাজার স্টেশন স্বাধীনতা স্কয়ারে আয়োজিত সংগঠনের সভাপতি হেলাল আহমেদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মিরাজ উদ্দীন আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার গাজী শফিকুল ইসলাম, কবি ও নাট্যকার মুক্তিযোদ্ধা গাজী খ ম আখতার প্রমুখ।
রায়গঞ্জ (সিরাজগঞ্জ): গতকাল বেলা ১১টায় রায়গঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল আখতার। উপজেলা শিল্পকলা একাডেমি আয়োজিত অনুষ্ঠানে কবির জীবন ও কর্মের ওপর বক্তব্য দেন হানিফ উদ্দীন সরকার, মুক্তিযোদ্ধা আবদুল খালেক, অসীম চৌধুরী, কবি স্বপন কুমার মণ্ডল প্রমুখ।
জয়পুরহাট: জেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমি যৌথভাবে জাতীয় কবির জয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করে। জয়পুরহাট পৌর এলাকার খনজনপুর শিল্পকলা একাডেমিতে বিকেলে কবির কর্মময় জীবন নিয়ে আলোচনা, নজরুলসংগীত ও নজরুলের গান নিয়ে গীতি-আলেখ্য অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়পুরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তোফাজ্জল হোসেন। কবির কর্মময় জীবনের ওপর আলোচনা করেন জেলা প্রশাসক আবদুর রহিম, পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম, জয়পুরহাট সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ খাজা সামছুল আলম, মোমিন আহম্মেদ চৌধুরী, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আমিনুল হক বাবুল, গোলাম হক্কানি প্রমুখ। সন্ধ্যায় শিল্পকলা একাডেমির শিক্ষার্থী ও স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন।