নানা আয়োজনে উন্নয়ন মেলা শুরু

দেশের বিভিন্ন স্থানে গতকাল সোমবার থেকে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেলার উদ্বোধন করেন। এতে সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরা হচ্ছে। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলবে মেলা।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
নারায়ণগঞ্জ নগরের ওসমানী স্টেডিয়াম-সংলগ্ন মাঠে মেলার আয়োজন করা হয়েছে। বিকেলে বেলুন ও পায়রা উড়িয়ে জেলা প্রশাসন আয়োজিত এ মেলার কার্যক্রম শুরু করেন তথ্যসচিব মরতুজা আহম্মেদ। অনুষ্ঠানে জেলা প্রশাসক রাব্বি মিয়া সভাপতিত্ব করেন। এ সময় ঢাকা পরিবহন সমন্বয়ক কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন মজুমদার, জেলা পুলিশ সুপার মঈনুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ছরোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জসীম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক বলেন, তিন দিনব্যাপী মেলায় সরকারের উন্নয়ন সম্পর্কে সাধারণ মানুষকে অবগত করতে জেলা প্রশাসনসহ সরকারের ৬২টি সংস্থার ৭০টি স্টল রয়েছে। মেলা থেকে জনগণ সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও পরিকল্পনা সম্পর্কে জানতে পারবে।
এদিকে সোনারগাঁ উপজেলায় সকালে মেলা উপলক্ষে সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত হায়াতের নেতৃত্বে শোভাযাত্রা বের করা হয়। এতে অংশ নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নাসিমা আক্তার, ভাইস চেয়ারম্যান শাহ আলম, উপজেলা কৃষি কর্মকর্তা আশেক পারভেজ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম আবু তালেব, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আ ফ ম জাহিদ ইকবাল প্রমুখ। উপজেলার মেলায় ৩৪টি দপ্তরের কার্যক্রম প্রদর্শন করা হবে।
মানিকগঞ্জে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। জেলা শহরের বিজয় মেলা মাঠে বিকেলে আলোচনা সভা হয়। এতে জেলা প্রশাসক রাশিদা ফেরদৌসের সভাপতিত্বে বক্তব্য দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ বেলায়েত হোসেন, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদা শারমীন, পুলিশ সুপার মাহফুজুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দিন, মানিকগঞ্জ পৌর মেয়র গাজী কামরুল হুদা, সিভিল সার্জন ইমরান আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সালাম প্রমুখ। মেলায় সরকারি বিভিন্ন দপ্তর, ব্যাংক, বিমা, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠনের ৯১টি স্টল রয়েছে।
ঢাকার নবাবগঞ্জে মেলা উপলক্ষে সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়। ইউএনও শাকিল আহমেদ শোভাযাত্রায় নেতৃত্ব দেন। এ সময় ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ মিথুন, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম জালাল প্রমুখ উপস্থিত ছিলেন। মেলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ৫০টি স্টল রয়েছে।