নানা আয়োজনে কুন্তল বিশ্বাসের মৃত্যুবার্ষিকী পালন
গান, কবিতা ও কথায় প্রথম আলোর নেত্রকোনার সাবেক প্রতিনিধি, সামাজিক-সাংস্কৃতিক সংগঠক ও বাম রাজনীতিবিদ কুন্তল বিশ্বাসের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নেত্রকোনা শহরের সাতপাই কালীবাড়ি এলাকায় কুন্তল বিশ্বাস সংগীত বিদ্যায়তন কার্যালয়ে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ নেত্রকোনা শাখা এই কর্মসূচির আয়োজন করে। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কুন্তল বিশ্বাসের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে অনুষ্ঠান শুরু হয়। একে একে ‘যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাঁকে’, ‘তুমি রবে নীরবে, ‘তোমার অসীমে প্রাণমন লয়’, ‘তুমি কি কেবলই ছবি’ প্রভৃতি গান ও কবিতা পরিবেশন করা হয়।
পরিষদের সভাপতি অচিন্ত্য মজুমদারের সভাপতিত্বে আলোচনা করেন কুন্তল বিশ্বাসের বড় ভাই বিমল বিশ্বাস, শিক্ষাবিদ মতীন্দ্র সরকার, লোকগবেষক গোলাম এরশাদুর রহমান, কেন্দ্রীয় উদীচীর কার্যকরী কমিটির সদস্য মো. মোস্তাফিজুর রহমান খান, জেলা উদীচীর সভাপতি মোজাম্মেল হক, শিক্ষক মোহাম্মদ খায়রুল হক প্রমুখ।