বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, স্মৃতিচারণা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল শনিবার কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের গণিত বিভাগের ২০ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী উদ্যাপিত হয়েছে। এতে বিভাগের প্রাক্তন ৭০০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
আয়োজকেরা বলেন, গতকাল শনিবার সকাল সোয়া নয়টায় কলেজের গণিত বিভাগের সামনে থেকে শোভাযাত্রা বের হয়। সেটি কুমিল্লা নগরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসে শেষ হয়। সেখানে গণিত বিভাগের প্রধান আবু জাফর খানের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন প্রবীণ গণিতবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক মুনিবুর রহমান চৌধুরী। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ব্রিটেনিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুস সাত্তার ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ আবদুর রশীদ।
আয়োজকেরা আরও বলেন, ১৯৯৬ সালে এ কলেজে গণিত বিভাগে স্নাতক (সম্মান) কোর্সে পাঠদান শুরু হয়। আলোচনার পর বিভাগের ১৯৯৬-৯৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী থেকে শুরু করে বর্তমান সময়ের শিক্ষার্থীরা নানা স্মৃতিচারণা করেন।