নানা আয়োজনে চট্টগ্রাম ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ে ওপেন ডে পালিত
নগরের চট্টগ্রাম ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের (সিআইইউ) সেমিস্টারভিত্তিক আয়োজন ‘সিআইইউ ওপেন ডে’ গত ২৩ নভেম্বর বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় বেলুন উড়িয়ে সিআইইউয়ের জামালখান ক্যাম্পাসে অনুষ্ঠানের উদ্বোধন করেন দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাহফুজুল হক চৌধুরী। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের ডিন নুরুল আবসার। আরও বক্তব্য দেন বারকোড রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মঞ্জুরুল হক। পর্বটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের প্রধান রশিদ এ চৌধুরী। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
সিআইইউয়ের উপাচার্য মাহফুজুল হক চৌধুরী বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় হলেও এখানে দরিদ্র শিক্ষার্থীদের জন্য বিভিন্ন বৃত্তির ব্যবস্থা রাখা হয়েছে। দিনব্যাপী আয়োজনে ছিল সেমিনার, রক্তদান কর্মসূচি, শিক্ষক-শিক্ষার্থী মতবিনিময়, চলচ্চিত্র প্রদর্শনী, স্পট অ্যাডমিশন ও পণ্যে মেলা। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ক্লাবেরও উদ্বোধন করা হয়। বিজ্ঞপ্তি।