নানা আয়োজনে চলছে বইমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে চলছে বইমেলা। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের উদ্যোগে আয়োজিত সাত দিনব্যাপী বইমেলার গতকাল সোমবার পঞ্চম দিন সেমিনার, লোকসংগীত ও আলোচনা অনুষ্ঠান হয়েছে।
গতকাল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক ও কবি সাজ্জাদ শরিফ।
অনুষ্ঠানে সাজ্জাদ শরিফ বলেন, ‘বহুদিন ধরে অসংখ্য মানুষের অবদানে মানবসভ্যতার সৃষ্টি হয়েছে। মানবসভ্যতায় অবদান রাখা এই মানুষগুলোর কথা আমরা জানতে পারি বইয়ের মাধ্যমে। মানুষ যেমন বিচিত্র, বইও তেমন বিচিত্র।’ তিনি আরও বলেন, বই হলো অণুবীক্ষণ যন্ত্রের মতো; যা দিয়ে মানুষের জীবন-জগৎকে নিবিড়ভাবে দেখা যায়। তাই বই পড়তে গিয়ে মানুষ থেকে বিচ্ছিন্ন হলে চলবে না। বই পড়ে মানুষের কাছে, জীবনের কাছে পৌঁছাতে হবে।
আলোচনা অনুষ্ঠান পরিচালনা করেন মেলার আহ্বায়ক ও বাংলা বিভাগের শিক্ষক তারেক রেজা। সাজ্জাদ শরিফকে ধন্যবাদ জানিয়ে সমাপনী বক্তব্য দেন বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক আবু দায়েন।
এ ছাড়া সন্ধ্যায় শহীদ মিনারের পাদদেশে সিলেটের শাহ আবদুল করিম পরিষদ লোকসংগীত পরিবেশন করে। এতে অন্যান্যের মধ্যে বাউলসম্রাট শাহ আবদুল করিমের ছেলে শাহ নূর জালাল গান পরিবেশন করেন। প্রকাশনী সংস্থা প্রথমার সহযোগিতায় এ অনুষ্ঠান হয়।
এর আগে গতকাল বেলা সাড়ে ১১টায় বাংলা বিভাগে ‘ষাটের রেনেসাঁ ও তার অন্তর্দ্বন্দ্ব’ শীর্ষক সেমিনারে বক্তৃতা করেন লেখক ও সাংবাদিক ফারুক ওয়াসিফ। উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক আবু দায়েন, এই বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম, মো খোরশেদ আলম প্রমুখ। বক্তৃতায় ফারুক ওয়াসিফ বলেন, বাংলাদেশে জাতীয়তাবাদী রাজনীতি প্রবল। কিন্তু সংস্কৃতিতে জাতি প্রশ্ন আজও অমীমাংসিত। কলকাতার বাঙালি জাতীয়তাবাদ অধিকাংশ কৃষক, মুসলমান ও নিম্নবর্গের মানুষকে ধারণ করতে পারেনি। তিনি আরও বলেন, উপনিবেশিক ছায়ায় বেড়ে ওঠা জাতীয়তাবাদের সংশোধন হিসেবে ষাটের দশকে বাঙালি জাতীয়তাবাদের জাগরণ ঘটেছিল। কিন্তু স্বাধীনতার পরে ক্রমেই তা কলকাতার জাতীয়তাবাদের মতো হয়ে ওঠে। যেখানে হিন্দু-মুসলমান প্রশ্ন তৈরি হয়। জাতীয়তাবাদের এ অন্তর্দ্বন্দ্ব সংস্কৃতি ও রাজনীতিতে সংকট তৈরি করছে।
মেলা চলবে কাল বুধবার পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবনের সামনে আয়োজিত এই মেলায় প্রথমা, বাংলা একাডেমি, নজরুল ইনস্টিটিউট, ইউপিএল, রকমারিসহ ৪০টি প্রকাশনী সংস্থা অংশ নিয়েছে। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলে।