নানা আয়োজনে চৈত্রসংক্রান্তি

গতকাল বৃহস্পতিবার ছিল বাংলা বছর ১৪২৩-এর শেষ দিন। বঙ্গাব্দ ১৪২৩-কে নাচ-গানের নানা আয়োজনে বিদায় জানিয়েছে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।
শিল্পকলা একাডেমির দুই দিনের আয়োজনে গতকাল ছিল চৈত্রসংক্রান্তির আয়োজন। একাডেমির ভবনগুলোর চিলেকোঠায় ছিল ঘুড়ি উৎসব। একাডেমি প্রাঙ্গণে ছিল মানিকগঞ্জের মনিরের নেতৃত্বে নাগরদোলা ও বায়োস্কোপ। ছিল সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী লাঠিখেলা, মানি মিয়ার চাঁপাই গম্ভীরা, পালাগান জসীম পাগলা ও তাঁর দলের পরিবেশনায় গাজী কালু চম্পাবতী এবং ঐতিহ্যবাহী রায়বেশে নৃত্য।
গ্রুপ থিয়েটার ফেডারেশন প্রতিবারের মতো এবারও বর্ণাঢ্য আয়োজনে চৈত্রসংক্রান্তি উদ্যাপন করে। শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে অনুষ্ঠিত এ আয়োজন শুরু হয় মঙ্গলপ্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে।
চতুর্থ ফোকলোর সামার স্কুল
লোকসাহিত্য নিয়ে পড়াশোনা ও আলোচনার জন্য শুরু হলো কর্মশালা ‘চতুর্থ ফোকলোর সামার স্কুল’। বাংলা একাডেমিতে পাঁচ দিন ধরে চলবে এ স্কুলের ক্লাস। যোগ দিয়েছেন দেশ-বিদেশের লোকগবেষক, শিক্ষার্থী এবং এ বিষয়ের আগ্রহীরা।
গতকাল বৃহস্পতিবার সকালে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আন্তর্জাতিক এ কর্মশালা উদ্বোধন করেন ভারতের আসাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ইমেরিটাস অধ্যাপক তপোধীর ভট্টাচার্য।