নানা আয়োজনে চৈত্রসংক্রান্তি উদ্যাপন
দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজনের মধ্য দিয়ে পুরোনো বাংলা বছর বিদায় ও নতুন বর্ষবরণ উপলক্ষে নানা আয়োজন এবং উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল বুধবার চৈত্রসংক্রান্তি উদ্যাপিত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ:
বগুড়া: চৈত্রসংক্রান্তিতে শহরজুড়ে ছিল বর্ষবরণের আবহ। পয়লা বৈশাখের বর্ষবরণ উৎসব আয়োজনের প্রস্তুতি ছিল চোখে পড়ার মতো। শহরের আদি বাঙালি ও হিন্দু ব্যবসায়ীরা বর্ষবরণে ঐতিহ্যের ধারাবাহিকতায় আয়োজন করেছে ‘শুভ হালখাতা’র।
চৈত্রসংক্রান্তিতে বর্ষবিদায় ও আগাম বর্ষবরণ উৎসবের আয়োজন করে ‘আমরা কজন শিল্পীগোষ্ঠিী’। শহরের শহীদ টিটু মিলনায়তনে এ উপলক্ষে পরিবেশিত হয় বিশেষ নৃত্যালেখ্য ‘রাঙিয়ে দিয়ে যাও’। এতে বগুড়ার প্রবীণ দোতরাবাদক সূর্যকান্ত দাসকে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান। সংগঠনের প্রধান উপদেষ্টা ও দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হকের সভাপতিত্বে উৎসবে বিশেষ অতিথি ছিলেন বগুড়ার জেলা প্রশাসক আশরাফ উদ্দিন, পুলিশ সুপার আসাদুজ্জামান, এটিএন বাংলার উপদেষ্টা শামসুল হুদা, সেলিমা আখতার প্রমুখ।
পয়লা বৈশাখে শহরের এডওয়ার্ড পার্কে এবারও পাঁচ দিনব্যাপী বৈশাখী মেলা ও বর্ষবরণ উৎসব আয়োজন করেছে বগুড়া থিয়েটার। ‘নন্দিত ঐতিহ্যের শিকড় সন্ধানে’ স্লোগান নিয়ে এই মেলার আয়োজন করেছে নাট্য সংগঠনটি। সকাল নয়টায় বগুড়ার কৃতীজন ও এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান আনুষ্ঠানিকভাবে মেলা উদ্বোধন করবেন। এ ছাড়া বর্ণাঢ্য শোভাযাত্রা বের করবে জেলা প্রশাসন। সকাল আটটায় জিলা স্কুল থেকে বের হবে এই শোভাযাত্রা।
একই সময়ে বর্ষবরণের মঙ্গল শোভাযাত্রা বের করবে বগুড়া আর্ট কলেজ। বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের পক্ষ থেকেও আলাদাভাবে বর্ষবরণ উৎসবের আয়োজন করা হয়েছে। প্রথম আলো-বগুড়া বন্ধুসভাও আয়োজন করেছে দিনব্যাপী বৈশাখী উৎসবের। সকালে প্রথম আলোর বগুড়া কার্যালয় থেকে বের হবে মঙ্গল শোভাযাত্রা।
পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, ‘এবারের পয়লা বৈশাখ ও বর্ষবরণকে ঘিরে শহরজুড়ে পোশাকধারী ও সাদাপোশাকের পুলিশ, র্যা ব, গোয়েন্দাসহ বিভিন্ন বাহিনী, সংস্থা ও প্রতিষ্ঠানের সমন্বয়ে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।’
আদমদীঘি (বগুড়া): চৈত্রসংক্রান্তি উপলক্ষে বগুড়ার আদমদীঘিতে হয়েছে চড়ক পূজা ও চড়কমেলা। হিন্দু সম্প্রদায় নানা পূজা-অর্চনা ও আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করে।
আদমদীঘি সদরের মাঝিপাড়া গ্রামের চড়ক পূজা উদ্যাপন কমিটির নেতা বাবু সত্যেশ চন্দ্র নিয়োগী বলেন, চৈত্রসংক্রান্তিতে চড়ক পূজা উপলক্ষে গত ১৯ চৈত্র মন্দিরে ঘট স্থাপন করে পূজার কার্যক্রম শুরু হয়। চড়ক পূজার পাশাপাশি মেলায় রয়েছে নানা আয়োজন। সকাল থেকে আশপাশের গ্রাম থেকে হাজার হাজার মানুষ চড়ক পূজা ও মেলা দেখার জন্য তালশনের মাঝিপাড়া গ্রামে ভিড় জমায়। পূজা ও চড়ক মেলা উপলক্ষে আদমদীঘির মাঝিপাড়া গ্রামসহ আশপাশের গ্রামগুলোতে জামাই-মেয়েসহ আত্মীয়স্বজনের ব্যাপক সমাগম ঘটেছে।
ঈশ্বরদী (পাবনা): চৈত্রসংক্রান্তিতে বছরের বিদায় ও নতুন বছরের শুভাগমন উপলক্ষে পাবনার ঈশ্বরদীর দাশুড়িয়ায় অনুষ্ঠিত হয় সনাতন হিন্দুধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী ‘হাজরা উৎসব’। উৎসবকে কেন্দ্র করে দাশুড়িয়ার মন্দিরে মন্দিরে ভিড় জমে। গত মঙ্গলবার রাত ১২টা থেকে গতকাল বুধবার সকাল ১০টা পর্যন্ত চলে এই উৎসব।
প্রবীণ হিন্দুদের মতে, মহাদেব তথা শিবের সন্তুষ্টির কামনায় নতুন বছরে জগতে মানবকল্যাণের জন্য কয়েক শ বছর ধরে এই হাজরা উৎসব ও শিব-পার্বতী পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। দাশুড়িয়ায় যুব সংঘের উদ্যোগে অনুষ্ঠিত এবারের উৎসবে ৫০টি দল হাজরা খেলায় অংশ নেয়।
সিরাজগঞ্জ: প্রভাতী সংঘের আয়োজনে ‘নিয়মিত হাঁটুন, সুস্থ থাকুন’ স্লোগান সামনে রেখে সূর্যোদয়ের সময় সিরাজগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার ‘মুক্তির সোপান’ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে তালে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুজিব সড়কের মওলানা ভাসানী ডিগ্রি কলেজ চত্বরে এসে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন প্রভাতী সংঘের সদস্যদের মধ্যে আবদুল আজিজ সরকার, জান্নাত-আরা তালুকদার, আসাদউদ্দীন, মো. আলাউদ্দীন, মির্জা মোরাদুজ্জামান প্রমুখ।