নানা আয়োজনে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা আয়োজনে গতকাল বুধবার দেশব্যাপী ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে স্থানীয় ছাত্রলীগ কেক কাটা, শোভাযাত্রা, আলোচনা সভা, গরিবদের মাঝে খাবার বিতরণসহ নানা কর্মসূচির আয়োজন করে।
আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
কুড়িগ্রাম
কুড়িগ্রামের ঘোষপাড়ায় সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও কেক কেটে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর আলী কর্মসূচির উদ্বোধন করেন। সেখানে জেলা ছাত্রলীগের সভাপতি খন্দকার ওয়াহেদুন্নবী সাগরের সভাপতিত্বে আলোচনা সভা হয়। পরে শহরের কলেজ মোড় থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এ ছাড়া নয়টি উপজেলায়ও নানা অনুষ্ঠান হয়।
নীলফামারী
নীলফামারী জেলা ছাত্রলীগের উদ্যোগে বেলা দুইটার দিকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ এতে নেতৃত্ব দেন। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কগুলো ঘুরে একই স্থানে ফিরে আলোচনা সভায় মিলিত হয়। জেলা ছাত্রলীগের সভাপতি সজল কুমার ভৌমিক সভাপতিত্ব করেন। এর আগে জাতীয় সংগীতের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।
পঞ্চগড়
পঞ্চগড় জেলা ছাত্রলীগের উদ্যোগে সার্কিট হাউস চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে চৌরঙ্গীর মোড়ে দলীয় কার্যালয়ে কেক কাটা হয়। সেখানে জেলা ছাত্রলীগের সভাপতি আকতার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত প্রধান অতিথি ছিলেন। বিকেলে জাসদ ছাত্রলীগ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে শোভাযাত্রা বের করে। এটি আবার শহীদ মিনারে এসে শেষ হয়। সেখানে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাংসদ নাজমুল হক প্রধান।
পীরগঞ্জ (ঠাকুরগাঁও)
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আওয়ামী লীগের কার্যালয়ে সকাল ১০টায় জাতীয় ও দলীয় পতাকা তোলেন সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ইমদাদুল হক ও উপজেলা সভাপতি ইকরামুল হক। দুপুর ১২টায় শোভাযাত্রা বের হয়। এটি উপজেলা চত্বর ও বিভিন্ন সড়ক ঘুরে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। সেখানে উপজেলা ছাত্রলীগের সভাপতি মঈনুল হকের সভাপতিত্বে সভা হয়। প্রধান অতিথি ছিলেন ইমদাদুল হক।
সৈয়দপুর (নীলফামারী)
নীলফামারীর সৈয়দপুরে সংগঠন কার্যালয়ে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে শোভাযাত্রা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য প্রদান, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গরিবদের মাঝে খাবার বিতরণ করা হয়। বিকেলে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের স্থগিত কমিটির সভাপতি আহসান হাবিব। বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাওয়াদুল হক সরকার, সৈয়দপুর পৌরসভার সাবেক মেয়র আখতার হোসেন প্রমুখ।