নানা আয়োজনে জন্মাষ্টমী উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্যাপন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী ও ঢাকার কেরানীগঞ্জে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, পূজা ও আলোচনা সভা।
নারায়ণগঞ্জ: সকালে নগরীর ২ নম্বর রেলগেট এলাকা থেকে শোভাযাত্রা বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা, পুলিশ সুপার মঈনুল হক, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের জেলা সভাপতি শংকর সাহা, জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক সুজন সাহা, মহানগর পূজা উদ্যাপন পরিষদের সহসভাপতি কমলেশ সাহা, সাধারণ সম্পাদক শিখন সরকার ও যুগ্ম সাধারণ সম্পাদক উত্তম সাহা উপস্থিত ছিলেন।
মানিকগঞ্জ: গতকাল পূজা উদ্যাপন পরিষদ ও জাতীয় হিন্দু মহাজোট পৃথকভাবে পূজা-অর্চনা, গীতাপাঠ, বিশেষ প্রার্থনা, আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করে।
বেলা ১১টার দিকে জেলা শহরের কালীবাড়ি আনন্দময়ী মন্দির প্রাঙ্গণে উৎসবের আয়োজন করে জেলা পূজা উদ্যাপন পরিষদ। মানিকগঞ্জ পৌরসভার মেয়র গাজী কামরুল হুদা উৎসবের উদ্বোধন করেন। এরপর জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অসীম কুমার বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক গোলাম মহীউদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সালাম প্রমুখ।
নরসিংদী: বেলা ১১টায় জেলার মনোহরদী উপজেলার শ্রীশ্রী পাগলনাথ আশ্রম থেকে শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শ্রীকৃষ্ণের ছবি, রংবেরঙের ব্যানার, ফেস্টুন ও বাদ্যযন্ত্র নিয়ে সনাতন ধর্মাবলম্বীরা শোভাযাত্রায় অংশ নেন।
কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার নবাবগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে উপজেলা সদরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাকিল আহমেদ। শোভাযাত্রাটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু করে বাগমারা বাজার হয়ে বালুরচর সদানন্দ মহাপ্রভুর আশ্রমে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা হয়।