নানা আয়োজনে জন্মাষ্টমী উদ্যাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুভ জন্মাষ্টমী উপলক্ষে গতকাল সকালে বগুড়া শহরে মঙ্গল শোভাযাত্রা বের হয়। ছবিটি সাতমাথা এলাকা থেকে তোলা l প্রথম আলো
শুভ জন্মাষ্টমী উপলক্ষে গতকাল সকালে বগুড়া শহরে মঙ্গল শোভাযাত্রা বের হয়। ছবিটি সাতমাথা এলাকা থেকে তোলা l প্রথম আলো

দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার সনাতন ধর্মাবলম্বীরা ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন উদ্যাপন করেছেন। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো সংবাদ:
জয়পুরহাট: গতকাল দুপুর ১২টার দিকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের কেন্দ্রীয় শিবমন্দির থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণের পর আবার আগের স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও জেলা সভাপতি নৃপেন্দ্রনাথ মণ্ডল। বক্তব্য দেন জয়পুরহাট-১ আসনের সাংসদ সামছুল আলম, জেলা প্রশাসক আবদুর রহিম, পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক এস এম সোলায়মান আলী প্রমুখ।
পাবনা: জেলা পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটির উদ্বোধন করেন পাবনার জেলা প্রশাসক রেখা রানী বালো। এ সময় আরও উপস্থিত ছিলেন পাবনা জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি গণেশ চন্দ্র ঘোঘ, অতিরিক্ত পুলিশ সুপার শামীমা আক্তার, পাবনা প্রেসক্লাবের সভাপতি শিবজিত নাগ, আওয়ামী লীগের নেতা চন্দন কুমার চক্রবর্তী প্রমুখ।
নওগাঁ: সকালে শহরের কেন্দ্রীয় মন্দির শ্রীশ্রী বুঁড়িমাতা কালীমন্দিরে গীতাযজ্ঞ ও শ্রীকৃষ্ণ পূজার মধ্য দিয়ে জন্মাষ্টমী উৎসব শুরু হয়। পূজা শেষে মহাপ্রসাদ বিতরণ করা হয়। পরে মন্দির প্রাঙ্গণে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি নির্মল কৃষ্ণ। প্রধান অতিথি ছিলেন নওগাঁ সদর আসনের (নওগাঁ-৫) সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মালেক। অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, জেলা পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক বিভাস চন্দ্র মজুমদার প্রমুখ।
সিরাজগঞ্জ: সকালে মঙ্গল প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে শহরের মুজিব সড়কের কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বিল্লাল হোসেন। বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ জেলা শাখার সভাপতি সুকুমার সাহার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন প্রমুখ।
চাঁপাইনবাবগঞ্জ: সকাল ১০টায় শহরে শোভাযাত্রা বের হয়। জেলা প্রশাসনের সহযোগিতায় এ শোভাযাত্রার আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ জেলা শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উদ্যাপন কমিটি। শহরের শিবতলা কর্মকারপাড়া দুর্গামন্দির থেকে শোভাযাত্রাটি শুরু হয়। প্রদীপ জ্বালিয়ে এর উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে হুজরাপুরে উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘে গিয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মিলিত হয়।
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্যাপন কমিটির সভাপতি মহিত কুমার দাঁর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক আবু জাফর প্রমুখ।
নাটোর: সকাল ১০টায় লালপুরের ধুপইল কালীমন্দিরের উদ্যোগে দয়রামপুর ও ধুপইলে বিশাল শোভাযাত্রা হয়। এতে নেতৃত্ব দেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাংসদ আবুল কালাম, ধুপইল কালীমন্দিরের সভাপতি চিত্তরঞ্জন কুন্ডু প্রমুখ।
এ ছাড়া নাটোর শহরে বিকেলে শোভাযাত্রা বের হয়। এতে জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি চিত্তরঞ্জন সাহা, নাটোরের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
রায়গঞ্জ (সিরাজগঞ্জ): বেলা ১১টার দিকে উপজেলার চান্দাইকোনায় কেন্দ্রীয় গোপালজিউ মন্দির প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। এতে নেতৃত্ব দেন মন্দির কমিটির উপদেষ্টা বিশ্বনাথ ঘোষ, মন্দির কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উত্তম কুমার নাগ, রায়গঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক সুব্রত কুমার ঘোষ প্রমুখ। এ ছাড়া উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছী জয়দুর্গা মন্দির ও ঘুড়কা ইউনিয়নের ভুঁইয়াগাঁতী মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করা হয়।
দুপচাঁচিয়া (বগুড়া): সকালে উপজেলা সদরের মহাশ্মশান কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে আলোচনা সভা, শোভাযাত্রা, বিকেলে লীলাকীর্তন, কৃষ্ণপূজা এবং সন্ধ্যায় প্রসাদ বিতরণ করা হয়। এ উপলক্ষে সকালে মন্দির প্রাঙ্গণে উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাসের সভাপতিত্বে ও পরিমল দাসের পরিচালনায় আলোচনা সভা হয়। এতে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহেদ পারভেজ, থানার ওসি নজরুল ইসলাম প্রমুখ।
ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টম তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। এই দিনটির স্মরণে সমস্ত পাশবিক শক্তিকে পরাজিত করে মানব জাতির কল্যাণ ও ন্যায় প্রতিষ্ঠায় সনাতনী ভাবধারার মানুষ এদিন উপবাসসহ নানা ধর্মীয় আচার পালন করে থাকেন।