নানা আয়োজনে জাতীয় দিবস উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের শহীদদের প্রতি পুষ্পার্ঘ্য নিবেদনসহ নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল শনিবার উদ্যাপন করা হয়েছে ৪৬তম স্বাধীনতা ও জাতীয় দিবস।
প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
নরসিংদী: গতকাল সকালে জেলা শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, পরে মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে শিশু-কিশোর সমাবেশে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শিক্ষার্থীদের শারীরিক কসরত প্রদর্শন করা হয়। দুপুরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা, বিকেলে জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের মধ্যে প্রীতি ফুটবল খেলা হয়।
মুন্সিগঞ্জ: প্রথম প্রহরে শহরের পুরাতন কাচারি এলাকায় শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সকাল আটটার দিকে মুন্সিগঞ্জ স্টেডিয়ামে শুরু হয় কুচকাওয়াজ। বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। বিকেল চারটার দিকে মুন্সিগঞ্জ স্টেডিয়ামে প্রীতি কাবাডি খেলার আয়োজন করা হয়।
মানিকগঞ্জ: গতকাল সকাল সাড়ে সাতটায় জেলা শহরের বিজয় মেলা মাঠের পাশে কেন্দ্রীয় শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক। সকাল নয়টার দিকে শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও সরকারি শিশু পরিবার ও প্রতিবন্ধী শিশুরা শারীরিক কসরত প্রদর্শন করে। বেলা সাড়ে ১১টার দিকে সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে বিজয় মেলা মঞ্চে জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।
গাজীপুর: প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় দিবসের কর্মসূচি। রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকালে গাজীপুর শহীদ বরকত স্টেডিয়ামে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করা হয়। এ ছাড়া দিবসটি উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, কৃষি গবেষণা ইনস্টিটিউটসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও নানা কর্মসূচি পালন করা হয়।
সোনারগাঁ (নারায়ণগঞ্জ): পৌরসভার আমিনপুর মাঠে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। বিকেলে উপজেলা পরিষদ চত্বরে মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।