নানা আয়োজনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলোচনা সভা, শোভাযাত্রা, শিক্ষা মেলাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গতকাল রোববার সারা দেশে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ শুরু হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল ‘শিক্ষার আলো জ্বালব, ডিজিটাল বাংলাদেশ গড়ব’।
প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
নীলফামারীতে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সকাল সাড়ে নয়টার দিকে শিক্ষা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জাকীর হোসেন। পরে জেলা প্রশাসকের নেতৃত্বে সেখান থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শেষ হয়। সেখানে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বণিক বক্তব্য দেন। এ সময় তিনি শিক্ষা সপ্তাহের বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন। ৪ ফেব্রুয়ারি পর্যন্ত এসব কর্মসূচি পালিত হবে। এ ছাড়া গতকাল ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জ ও সৈয়দপুর উপজেলায় শিক্ষা সপ্তাহের কর্মসূচি পালিত হয়েছে।
নীলফামারীর সৈয়দপুরে গতকাল সকালে উপজেলা শিক্ষা কার্যালয়ের আয়োজনে এবং সরকারি প্রাথমিক ও কিন্ডারগার্টেন স্কুলের সমন্বয়ে শোভাযাত্রা বের হয়। সৈয়দপুর পাইলট উচ্চবিদ্যালয় থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিরোধীদলীয় হুইপ শওকত চৌধুরী। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গীর সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজমল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আহসান হাবিব প্রমুখ। পরে হুইপ শওকত চৌধুরী ফিতা কেটে শিক্ষা মেলার উদ্বোধন করেন।
দিনাজপুরের ফুলবাড়ীতে সকাল নয়টায় উপজেলা চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে দুই দিনব্যাপী শিক্ষা মেলা উদ্বোধন করেন ইউএনও এহেতেশাম রেজা। উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর যৌথভাবে মেলার আয়োজন করেছে। এরপর মেলা চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন ইউএনও এহেতেশাম রেজা। বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হায়দার আলী শাহ, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছাম্মৎ হাসিনা ভুঁইয়া, ফুলবাড়ী বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাসুদুর রহমান, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ মাহাতাবুর রহমান প্রমুখ।
দিনাজপুরের বিরামপুরে সকাল ১০টায় ইউএনও এস এম মনিরুজ্জামানের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা মিলনায়তনে শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা হয়। প্রধান অতিথির বক্তব্য দেন ইউএনও মনিরুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিন্নাতুন নেছা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম জিন্নাহ, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর সৈয়দা খুরশিদা পারভীন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুর রহিম প্রধান।