নানা আয়োজনে জারি সম্রাট মোসলেমের জন্মবার্ষিকী পালন
নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল রোববার বরেণ্য শিল্পী মোসলেম উদ্দীনের ১১২তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। আয়োজনের মধ্যে ছিল দোয়া অনুষ্ঠান, মোসলেম গীতি ও লোকগীতি প্রতিযোগিতা, আলোচনা সভা, সংগীতানুষ্ঠান এবং জারি গানের আসর।
এ উপলক্ষে মোসলেম স্মৃতি পর্ষদ দিনব্যাপী মেলার আয়োজন করে।
সকাল নয়টায় জারিসম্রাট মোসলেম উদ্দীন বয়াতির ভক্ত ও অনুসারীরা শিল্পকলা একাডেমি চত্বরে সমবেত হতে থাকেন। মুহূর্তের মধ্যে ফুলে ফুলে ছেয়ে যায় শিল্পীর প্রতিকৃতি। সকাল সাড়ে ১০টায় শিল্পকলা একাডেমি চত্বর থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা।
বিকেলে শিল্পকলা একাডেমির নজরুল মঞ্চে অধ্যাপক রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক হেলাল মাহামুদ শরীফ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক সুবাস বোস, পুলিশ সুপার সরদার রফিকুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার এস এ মতিন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দা জাহানারা অহীদ, মুক্তিযোদ্ধা সাইফুর রহমান, শিল্পীর জ্যেষ্ঠ সন্তান চারণ কবি অধ্যক্ষ রওশন আলী, মো. তরিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা তাঁর কর্মময় জীবনের নানা দিক তুলে ধরেন।
সন্ধ্যায় দিদারুল ইসলাম ও রওশন আলী এবং নজরুল ইসলাম ও মুক্তা পারভিনের মধ্যে জারি গান অনুষ্ঠিত হয়। কয়েক হাজার দর্শক-শ্রোতা জারি গান উপভোগ করেন।