নানা আয়োজনে তারেক মিশুককে স্মরণ
স্মৃতিস্তম্ভ-সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, মানববন্ধন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, চলচ্চিত্র প্রদর্শনসহ নানা আয়োজনের মধ্য দিয়ে মানিকগঞ্জ ও ফরিদপুরে স্মরণ করা হলো বিশিষ্ট চলচ্চিত্রকার তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা মিশুক মুনীরকে। গতকাল বৃহস্পতিবার ছিল তাঁদের চতুর্থ মৃত্যুবার্ষিকী।
মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ২০১১ সালের ১৩ আগস্ট সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ, মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন। দুর্ঘটনাস্থলের অদূরে নির্মিত স্মৃতিস্তম্ভে গতকাল সকাল ১০টার দিকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর নিরাপদ সড়কের দাবিতে পাশেই ঢাকা-আরিচা মহাসড়কে দুই ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচি চলাকালে সংক্ষিপ্ত বক্তব্য দেন তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্টের মানিকগঞ্জের আহ্বায়ক ইকবাল হোসেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা শাখার সভাপতি আজাহারুল ইসলাম, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার, প্রথম আলো বন্ধুসভার মানিকগঞ্জের সভাপতি মাহবুব আলম প্রমুখ।
এ ছাড়া দুপুরে ঘিওর উপজেলার বানিয়াজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শিশুশিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতার। সন্ধ্যায় মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে প্রদর্শন করা হয় তারেক মাসুদ নির্মিত মাটির ময়না চলচ্চিত্রটি।
ফরিদপুরে তারেককে স্মরণ: সকাল ১০টার দিকে ভাঙ্গা উপজেলার নূরপুর গ্রামে তারেক মাসুদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর বেলা ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে ভাঙ্গার জয়বাংলা মোড়ে তাঁর মা নূর নাহার তারেক মাসুদের একটি আবক্ষ ভাস্কর্য উন্মোচন করেন। এ সময় ক্যাথরিন মাসুদ, নারী ও মানবাধিকারকর্মী খুশী কবির, জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর ছেলে আয়মন আকবর প্রমুখ উপস্থিত ছিলেন। আয়মন আকবরের পরিকল্পনায় ১৪ লাখ টাকা ব্যয়ে ভাস্কর্যটি নির্মাণ করা হয়।
বিকেল চারটার দিকে তারেকের সমাধি চত্বরে স্মরণসভা হয়। এতে সভাপতির বক্তব্যে তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ বলেন, ‘শুধু চলচ্চিত্র ইনস্টিটিউট নয়, আমি আশা করি নাটক, গান, চলচ্চিত্রসহ সব ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হবে এই জায়গা। তারেক আমাদের অনুপ্রেরণা। তাই তাঁর অসমাপ্ত কাজ শেষ করতে চাই।’