
ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দশম প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল সোমবার উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, শোভাযাত্রাসহ নানা কর্মসূচির আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টায় উপাচার্য মোহীত উল আলমের কক্ষে কেক কেটে দিবসের কার্যক্রম শুরু হয়। পরে প্রশাসনিক ভবনের সামনে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উপাচার্য জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন কোষাধ্যক্ষ এ এম এম শামসুর রহমান।
বেলা ১১টার দিকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তা ও কর্মচারী অংশ নেন। শোভাযাত্রা শেষে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য মোহীত উল আলম বলে, ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দেশপ্রেম এবং মানবপ্রেমকে ধারণ ও লালন করার মধ্য দিয়ে আমাদের বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ের জন্য একটি স্মারক গ্রন্থের মতো কাজ করে যাবে।’