নানা আয়োজনে নতুন বছর বরণ

‘এসো হে বৈশাখ, এসো এসো...’ অবিরাম সুরের মূর্ছনা, শোভাযাত্রা, রঙে রঙে সিক্ত হওয়া, নাচগান, হইহুল্লোড়সহ নানা আয়োজনের মধ্য দিয়ে সারা দেশে বাংলা নববর্ষ ১৪২৩ উদ্যাপিত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর—
খুলনা: নগরের বিভিন্ন স্থানে বসেছিল বৈশাখী মেলা। খুলনা জেলা প্রশাসন, উদীচী, খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), জেলা পরিষদ, খুলনা সিটি করপোরেশন (কেসিসি), খুলনা সাংবাদিক ইউনিয়ন, খুলনা শিপইয়ার্ড, বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ-স্কুলসহ বিভিন্ন সংগঠনও নানা আয়োজনে বর্ষবরণ করেছে। এদিকে জাতিসংঘ পার্কে চলছে তিন দিনব্যাপী বৈশাখী মেলা।
গত বৃহস্পতিবার ভোর সাড়ে ছয়টায় সার্কিট হাউস ও জজ কোর্টের মাঝের সড়কে উদীচী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে প্রভাতি সংগীত, পঞ্চকবির গানের মধ্য দিয়ে পয়লা বৈশাখকে স্বাগত জানানো হয়। সকাল সাতটায় জেলা প্রশাসনের উদ্যোগে নগরের শিববাড়ি থেকে শোভাযাত্রা বের করা হয়। হাদিস পার্ক গিয়ে এটি শেষ হয়। এ শোভাযাত্রায় বিভাগীয় কমিশনার আবদুস সামাদ, খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সকাল সাড়ে সাতটায় জেলা প্রশাসকের বাংলোর বকুলতলায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পান্তা উৎসব।
পরে নগরের শান্তিধাম মোড়ে জাতিসংঘ শিশু পার্কে ‘বাংলা নববর্ষের ঐতিহ্য ও ইতিহাস’ নিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পটুয়াখালী: ভোর সাড়ে ছয়টায় শহীদ আলাউদ্দিন শিশু পার্কে মঙ্গল প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে বর্ষবরণ কর্মসূচির সূচনা করা হয়। সকাল সাতটায় শহীদ আলাউদ্দিন শিশু পার্ক থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে শেখ রাসেল শিশু পার্কে জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় পাঁচ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক ছিদ্দিকী। এ ছাড়া ২৫০ শয্যাবিশিষ্ট পটুয়াখালী হাসপাতাল, জেলা কারাগার ও শিশু পরিবারে ঐতিহ্যবাহী বাঙালি খাবার পরিবেশন করা হয়। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও নানা অনুষ্ঠান উদ্যাপিত হয়েছে।
ফরিদপুর: সকালে ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার উদ্যোগে বর্ষবরণের মাধ্যমে দিনের সব আয়োজনের সূচনা ঘটে। এখানে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন ফরিদপুরের জেলা প্রশাসক সরদার শরাফত আলী, পুলিশ সুপার জামিল হাসান প্রমুখ। সকাল সাড়ে আটটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয় মঙ্গল শোভাযাত্রা।
রাজবাড়ী: জেলা প্রশাসনের উদ্যোগে সকালে একটি শোভাযাত্রা বের করা হয়। এতে সংরক্ষিত মহিলা আসনের সাংসদ কামরুন নাহার চৌধুরী, জেলা প্রশাসক জিনাত আরা, পুলিশ সুপার জিহাদুল কবিরসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন। এরপর দিনভর নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দর্শকদের মাতিয়ে রাখা হয়। সকাল পৌনে নয়টার দিকে আজাদি ময়দান থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়। পরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক চত্বর থেকে নতুন বছরকে স্বাগত জানিয়ে মঙ্গল শোভাযাত্রা বের করে প্রথম আলো বন্ধুসভা।
বরিশাল: নগরে হাতি, ময়ূর, বাঘ, ঘোড়া, পাখা, মুখোশ, রাখি, টোপর, আলপনাসহ নানা উপকরণ হাতে মানুষ অংশ নেয় মঙ্গল শোভাযাত্রায়। প্রভাতি অনুষ্ঠান, রাখি উৎসব ও মঙ্গল শোভাযাত্রায় ধর্ম-বর্ণ-গোত্রনির্বিশেষে সর্বস্তরের মানুষ অংশ নেয়। উদীচী ও বরিশাল নাটকের কর্মীদের ব্যতিক্রমী শুভেচ্ছায় সিক্ত হয় নগরবাসী।
সোয়া আটটায় মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট নাগরিকদের সম্মাননা জানানো হয়। কাঠি হাতে ঢাক উদ্বোধন করেন সাংসদ তালুকদার মো. ইউনুস ও শেখ মো. টিপু সুলতান। একজন অন্যজনকে রাখি পরিয়ে উৎসবের উদ্বোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম ইমামুল হক, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক, ব্রজমোহন কলেজের অধ্যক্ষ স ম ইমানুল হাকিম, সরকারি বরিশাল কলেজের অধ্যক্ষ খন্দকার অলিউল ইসলাম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এ কে এম এনায়েত হোসাইন, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ সচিন কুমার রায়, উপপুলিশ কমিশনার মো. আবদুর রউফ।
নড়াইল: জেলার ব্রাহ্মণপাড়া গ্রামের বৈশাখী মেলার আয়োজন করা হয়। মেলার প্রধান আকর্ষণ ঘোড়দৌড় প্রতিযোগিতাসহ লাঠিখেলা, হাঁড়িভাঙা, ঘুড়ি ওড়ানো, দড়ি টানা, সাইক্লিং, সাঁতার, গ্রামীণ খেলাধুলা ও জারিগান। দেশের বিভিন্ন এলাকা থেকে হাজারো দোকানি কুটির শিল্প, হস্তশিল্প, মৃৎশিল্প, বাঁশ ও কাঠের জিনিসপত্র নিয়ে আসেন। বেচাকেনা ভালো হওয়ায় খুশি এসব দোকানিরা।
চুয়াডাঙ্গা: ভোর ছয়টায় ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও মুকুল ফৌজের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে চুয়াডাঙ্গায় বর্ষবরণ করা হয়। এরপর জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়। এরপর সরকারি কলেজ চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সব অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার এমপি প্রধান এবং জেলা প্রশাসক সায়মা ইউনুস, পুলিশ সুপার মো. রশীদুল হাসান ও পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী বিশেষ অতিথি হিসেবে অংশ নেন। বিকেলে চুয়াডাঙ্গা পৌরসভার উদ্যোগে স্থানীয় ভি জে সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে সাত দিনব্যাপী পৌর মেলার উদ্বোধন করা হয়।
কুষ্টিয়া: জেলা প্রশাসনের আয়োজনে শহরে শোভাযাত্রা বের হয়। জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন ও পুলিশ সুপার প্রলয় চিসিমসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা, সাংস্কৃতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের কর্মীরা এতে অংশ নেন।এ ছাড়া পৌরসভার পুকুরে নৌকার ওপরে সকালে মঙ্গল প্রদীপ জ্বেলে নববর্ষ অনুষ্ঠানের উদ্বোধন করেন পৌর মেয়র আনোয়ার আলী। সেখানে শিশুকিশোরদের নাচগান পরিবেশিত হয়।
মাগুরা: সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শহরে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় স্কুল-কলেজ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো অংশ নেয়। শহরের নোমানী ময়দান থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি শহর ঘুরে নোমানী ময়দানে এসে শেষ হয়। পরে বিকেলে নোমানী ময়দানে দুই দিনের গ্রামীণ মেলার উদ্বোধন করা হয়। আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয় আছাদুজ্জামান মিলনায়তনে। পারনান্দুয়ালী শহীদ লুতাশ সংঘ নবগঙ্গা নদীর চরে দুই দিনের মেলার আয়োজন করে।