নানা আয়োজনে নবান্ন উৎসব উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নবান্ন উৎ​সব উপলক্ষে গতকাল বগুড়া শহরের মালতিনগরে পুরোনো শিল্পকলা মিলনায়তনে ‘আমরা কজন শিল্পীগোষ্ঠী’র আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘কাটি ধান আয়রে’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন সংগঠনের শিল্পীরা l প্রথম আলো
নবান্ন উৎ​সব উপলক্ষে গতকাল বগুড়া শহরের মালতিনগরে পুরোনো শিল্পকলা মিলনায়তনে ‘আমরা কজন শিল্পীগোষ্ঠী’র আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘কাটি ধান আয়রে’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন সংগঠনের শিল্পীরা l প্রথম আলো

রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলায় গতকাল রোববার নানা আয়োজনের মধ্য দিয়ে নবান্ন উৎসব উদ্‌যাপন করা হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
পাবনা: জালালপুর এলাকার রত্নদীপ রিসোর্টে গতকাল থেকে তিন দিনব্যাপী নবান্ন মেলা শুরু হয়েছে। মেলার আয়োজন করেছে পাবনার শিল্পপ্রতিষ্ঠান ইউনিভার্সাল গ্রুপের রত্নদীপ রিসোর্ট। বিকেলে মেলার উদ্বোধন করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আল-নকীব চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে মেলা উদ্‌যাপন পরিষদের সভাপতি ও ইউনিভার্সাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহানী হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা-৫ আসনের সাংসদ গোলাম ফারুক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিন।
ঈশ্বরদী (পাবনা): পিঠা তৈরি, শোভাযাত্রা ও পিঠা প্রদর্শনীর মধ্য দিয়ে বিকেলে অগ্রহায়ণের প্রথম দিন ‘নবান্ন উৎসব’ পালন করা হয়। ঈশ্বরদী উপজেলা প্রশাসন এ উৎসবের আয়োজন করে। এ উপলক্ষে বিকেল চারটায় উপজেলা পরিষদ থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে পরিষদের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয় পিঠা উৎসব ও আলোচনা সভা। ঈশ্বরদীর ইউএনও শাকিল মাহমুদের সভাপতিত্বে আলোচনায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মকলেছুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা আমিন আহমেদ খান, বেসরকারি উন্নয়ন সংস্থা নিউ এরা ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক মোস্তাক আহমেদ প্রমুখ। 

জয়পুরহাট: জেলা প্রশাসনের উদ্যোগে সকাল সাতটায় শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে বাঁশি ও ঢোল বাজিয়ে নবান্ন উৎসবের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক আবদুর রহিম, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি আমিনুল হক, জয়পুরহাট লাইব্রেরি অ্যান্ড ক্লাবের সাধারণ সম্পাদক রাজা চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোমিন আহম্মেদ চৌধুরী প্রমুখ।

আদমদীঘি (বগুড়া): উপজেলার ২৫টি গ্রামে নবান্ন উৎসবকে ঘিরে সকাল থেকে শুরু হয় নানা আয়োজন। উপজেলার শালগ্রাম, কালাইকুড়ি, সাগরপুর, আমইল, নিমাইদীঘি, কাল্লাগাড়ী, কৈকুড়ি, ডহরপুর, কোমারপুর, কোমারভোগসহ বেশ কিছু গ্রাম ঘুরে দেখা গেছে এ উৎসবের আমেজ। নবান্ন উৎসব উপলক্ষে মাসব্যাপী চলবে মেলা।  

নওগাঁ: বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, পিঠা উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নবান্ন উৎসব পালিত হয়েছে। সকাল ১০টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে নওগাঁ সার্কিট হাউস চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। সেখানে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক আমিরুল ইসলাম। সাংবাদিক কায়েস উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন নওগাঁ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শরিফুল ইসলাম খান এবং অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক আতাউল হক সিদ্দিকী প্রমুখ। 

আদমদীঘি (বগুড়া): নওগাঁর রানীনগরে সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে নবান্ন উৎসব উদ্‌যাপন উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে ইউএনও সোনিয়া বিন্তে তাবিবের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আল-ফারুক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ হারুনুর রশিদ ও ছনিয়া ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান খান, উপজেলা প্রকৌশলী আবু মো. শফিউল আযম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস এম গোলাম সারওয়ার, প্রকল্প কর্মকর্তা মেহেদী হাসান প্রমুখ।