
শহীদদের স্মৃতিচারণা, স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার নাটোরের লালপুর উপজেলার নর্থবেঙ্গল সুগার মিলে শহীদ দিবস পালন করা হয়েছে।
নর্থবেঙ্গল সুগার মিল সূত্রে জানা যায়, সকালে মিলের শহীদ স্মৃতিস্তম্ভে শহীদ পরিবারের সদস্যদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাংসদ মো. আবুল কালাম। পরে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, মিলের তৎকালীন কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যরা স্মৃতিচারণা করেন। তাঁদের কথায় ফুটে ওঠে ১৯৭১ সালের ৫ মে এ মিলে পাকিস্তানি সেনাবাহিনীর বর্বর হত্যাযজ্ঞের চিত্র। মিলের তৎকালীন প্রশাসক আনোয়ারুল আজীমসহ অর্ধশতাধিক নিরপরাধ কর্মকর্তা, শ্রমিক-কর্মচারীকে একটি পুকুরের পাশে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করা হয়। এই পুকুর ও তার আশপাশের জায়গায় পরবর্তী সময়ে নির্মাণ করা হয় শহীদ সাগর স্মৃতিস্তম্ভ। পাশে তৈরি করা হয়েছে শহীদ স্মৃতি জাদুঘর।
আলোচনা ও স্মৃতিচারণা শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মিলের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক এস এম আবদুল আজিজ, শহীদ আনোয়ারুল আজীমের ছেলে আনোয়ারুল ইকবাল, শহীদ পরিবারের সদস্য শাহিন তালুকদার, লালপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, গোপালপুর পৌরসভার মেয়র নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রাজ্জাক, আখচাষি নেতা ইব্রাহিম খলিল প্রমুখ বক্তব্য দেন।
আনোয়ারুল ইকবাল বলেন, মুক্তিযুদ্ধের এত বড় একটা ঘটনায় হতাহতদের আজও জাতীয়ভাবে স্বীকৃতি দেওয়া হয়নি। যাঁরা আর্থিকভাবে অসচ্ছল, তাঁদের সহযোগিতা করা হয়নি। তিনি এ বিষয়ে বর্তমান সরকার পদক্ষেপ নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

৫ মে ঘটনার দিন সৌভাগ্যক্রমে বেঁচে যান গোপালপুরের জালাল উদ্দিন। তিনি বলেন, মুক্তিযুদ্ধ চলাকালে সারা দেশে কলকারখানায় উৎপাদন বন্ধ থাকলেও পাকিস্তানি সেনাবাহিনীর নাটোর ক্যাম্পের ইনচার্জ মেজর শেরওয়ানীর আশ্বাসে এলাকার আখনির্ভর অর্থনীতি ও আখচাষিদের স্বার্থ বিবেচনা করে নর্থবেঙ্গল সুগার মিলের তৎকালীন প্রশাসক লে. আনোয়ারুল আজীম জীবনের ঝুঁকি নিয়ে মিলের উৎপাদন কার্যক্রম চালাচ্ছিলেন। কিন্তু মেজর শেরওয়ানী ওয়াদার বরখেলাপ করেন। ৫ মে বেলা ১১টার দিকে অবাঙালিদের (বিহারি) সহযোগিতায় পাকিস্তানি সেনাবাহিনী নর্থবেঙ্গল সুগার মিলের সবগুলো গেটে তালা দিয়ে মিল ঘেরাও করে এবং মিলের বিভিন্ন অফিস ও কর্মক্ষেত্র থেকে অর্ধশতাধিক কর্মকর্তা, শ্রমিক-কর্মচারীকে ধরে এনে মিলের ১ নম্বর গেটসংলগ্ন পুকুরঘাটে (তৎকালীন গোপাল পুকুর) সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করে। ওই পৈশাচিক হত্যাযজ্ঞে যাঁরা আত্মাহুতি দিয়েছিলেন, তাঁদের মধ্যে ৪২ জনের নাম জানা যায় এবং নামফলকে তাঁদের নাম লেখা আছে। তৎকালীন মিলের প্রশাসক আনোয়ারুল আজীমের স্মরণে পরবর্তী সময়ে গোপালপুর রেলওয়ে স্টেশনের নামকরণ করা হয় আজিমনগর।