নানা আয়োজনে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ পালিত
‘নিরাপদ প্রাণিজ আমিষের প্রতিশ্রুতি, সুস্থ সবল মেধাবী জাতি’ স্লোগান নিয়ে গতকাল রোববার দেশের বিভিন্ন স্থানে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
মন্ত্রণালয়ের উদ্যোগে ২৩ ফেব্রুয়ারি থেকে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ পালন করা হচ্ছে।
টাঙ্গাইল শহরে গতকাল সকালে জেলা প্রাণিসম্পদ কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাংসদ মো. ছানোয়ার হোসেন। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এস এম আউয়াল হকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন সাংসদ মনোয়ারা বেগম ও জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন। স্বাগত বক্তব্য দেন জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের সহকারী পরিচালক আবুল মনসুর আহম্মেদ।
জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার প্রাণিসম্পদ কার্যালয় থেকে গতকাল সকাল সাড়ে ১০টায় শোভাযাত্রা বের করা হয়। এটি পৌরসভার বিভিন্ন সড়ক প্রশিক্ষণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইয়েদ এ জেড মোরশেদ আলীর সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ আল মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান বেগম জহুরা লতিফ, মুক্তিযোদ্ধা কমান্ডার মোফাজ্জল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শহীদুল্লাহ প্রমুখ। প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে গত শনিবার থেকে বিনা মূল্যে গবাদিপশুকে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। এ উপলক্ষে আজ সোমবার সরিষাবাড়ী বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনা মূল্যে ডিম খাওয়ানো হবে।
জামালপুরের বকশীগঞ্জে গতকাল দুপুরে উপজেলা প্রাণিসম্পদ বিভাগের আয়োজনে নিলাক্ষীয়া প্রতিবন্ধী বিদ্যালয়ের দেড় শতাধিক শিক্ষার্থীর মধ্যে ডিম, ফল ও বিস্কুট বিতরণ করা হয়। খাবার বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাদিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার ভেটেরিনারি সার্জন লুৎফর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মমিন, বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম শাহীন আল আমীন প্রমুখ।
ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ চত্বর থেকে বেলা ১১টায় ময়মনসিংহ–৯ (নান্দাইল) আসনের সাংসদ মো. আনোয়ারুল আবেদিন খানের নেতৃত্বে শোভাযাত্রা বের করা হয়। এতে অংশ নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবদুল মালেক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাফিজুর রহমান, পৌরসভার মেয়র রফিক উদ্দিন ভূঁইয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আহসান হাবিব প্রমুখ। পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এটি উপজেলা পরিষদের এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউএনও মো. হাফিজুর রহমান। সাংসদ আনোয়ারুল আবেদিন বলেন, দেশে আমিষের ঘাটতি পূরণের লক্ষ্যে সরকার গ্রামে গ্রামে ছোট ছোট খামার তৈরি করতে স্বল্পসুদে ঋণ দিচ্ছে। বেকার যুবকেরা এসব খামার তৈরি করে স্বাবলম্বী হতে পারেন। এতে দেশে দুধ ও আমিষের ঘাটতি পূরণ হবে।
প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন টাঙ্গাইল, জামালপুর, সরিষাবাড়ী (জামালপুর) ও নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি