নানা আয়োজনে ফেনী 'মুক্ত দিবস' পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে নানা আয়োজনে গতকাল রোববার পাকিস্তানি হানাদারমুক্ত দিবস পালন করা হয়। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে মুক্তিযোদ্ধারা ফেনীকে শত্রুমুক্ত করেন।
ফেনী মুক্ত দিবস উপলক্ষে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও প্রথম আলো ফেনী বন্ধুসভার উদ্যোগে স্মৃতিচারণ সভা, শোভাযাত্রা ও মুক্তিযুদ্ধের গানের আয়োজন করা হয়।
জেলা মুক্তিযোদ্ধা সংসদ গতকাল সকালে শহরের ট্রাংক রোডের শহীদ মিনার চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু করে। এটি বিভিন্ন সড়ক ঘুরে আবার শহীদ মিনারে এসে সমাবেশে মিলিত হয়। জেলা কমান্ডার মীর আবদুল হান্নানের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন জেলা পরিষদের প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান, হাফেজ আহম্মদ, শুসেন চন্দ্র শীল।
শহরের মিজান রোডের ভাষাশহীদ সালাম কমিউনিটি সেন্টারে প্রথম আলো ফেনী বন্ধুসভা পৃথক অনুষ্ঠানের আয়োজন করে। ফেনী বন্ধুসভার সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোতাহের হোসেনের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মাখজাম হায়দার।
গেরিলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর হোসেন ভূঞা, মুক্তিযোদ্ধা শফিকুর রহমান ও বিলোনিয়া যুদ্ধের লড়াকু সৈনিক মজিবুর রহমান চৌধুরী, প্রথম আলোর ফেনী প্রতিনিধি আবু তাহের মুক্তিযুদ্ধে তাদের অংশগ্রহণের স্মৃতিচারণা করেন। এরপর গেরিলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর হোসেন ভূঞা বন্ধুসভার সদস্যদের ‘বিজয়ের শপথ’ বাক্য পাঠ করান। এ সময় বন্ধুসভার সদস্যসহ সবাই মুক্তিযুদ্ধের সময়ের জাতীয় পতাকা হাতে নিয়ে শপথ করেন।
শপথ শেষে জাতীয় পতাকা হাতে নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সবশেষে বন্ধুসভার সদস্যরা মুক্তিযুদ্ধের গান, দেশাত্মবোধক গান, লোকগীতি, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে।