নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গতকাল ময়মনসিংহ জেলা শিশু একাডেমী মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে গান পরিবেশন করে এক দল খুদে শিল্পী l ছবি: প্রথম আলো
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গতকাল ময়মনসিংহ জেলা শিশু একাডেমী মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে গান পরিবেশন করে এক দল খুদে শিল্পী l ছবি: প্রথম আলো

আলোচনা সভা, আনন্দ শোভাযাত্রা, সমাবেশসহ নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। জেলা প্রশাসন, আওয়ামী লীগ ও এর সহযোগী এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এসব কর্মসূচির আয়োজন করে।
আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
টাঙ্গাইল: সকালে শহীদ স্মৃতি পৌর উদ্যানে শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে ভাসানী হলে বঙ্গবন্ধুর কর্মময় জীবনের ওপর আলোচনা সভা হয়। জেলা প্রশাসক মাহবুব হোসেনের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন সাংসদ ছানোয়ার হোসেন, সাংসদ মনোয়ারা বেগম, জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান, সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান প্রমুখ।
মৌলভীবাজার: সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহীদ মিনার প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে জেলা প্রশাসন, জেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, মৌলভীবাজার পৌরসভা, জেলা মহিলা আওয়ামী লীগ, মহিলা সংস্থা, জেলা ছাত্রলীগ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। পরে একটি আনন্দ শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মিলনায়তনে গিয়ে শেষ হয়।
সিলেট: সকাল ১০টা থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পুষ্পস্তবক অর্পণ করেছ। জেলা প্রশাসনের উদ্যোগে নগরে বের করা হয় শোভাযাত্রা। এ শোভাযাত্রায় জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন, সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন। এ উপলক্ষে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ কালচারাল ক্লাবের উদ্যোগে বেলা ১১টায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপাচার্য এম এ মজিদ।
নেত্রকোনা: সকাল সাড়ে সাতটার দিকে জেলা প্রশাসক মুশফিকুর রহমান, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক মতিয়র রহমান খান, পৌর মেয়র নজরুল ইসলাম খান, সদর উপজেলার চেয়ারম্যান এস এম কামরুল হাসানসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, রেড ক্রিসেন্ট সোসাইটি, উদীচী, শতদল, বঙ্গবন্ধু পরিষদসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন শহরের মোক্তারপাড়া এলাকায় মুক্তমঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। সকাল নয়টায় বের করা হয় আনন্দ শোভাযাত্রা।
ময়মনসিংহ: জেলা প্রশাসনের উদ্যোগে সকালে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এ সময় ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, ময়মনসিংহ রেঞ্জের পুলিশের উপমহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া: সকাল নয়টায় শহরের জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে সরকারি মডেল বালিকা উচ্চবিদ্যালয়, অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়, পুরাতন জেল রোড, কুমারশীল মোড় হয়ে আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চে শেষ হয়। পরে সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন পৌর মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশিরুল হক ভূঞার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মুহাম্মদ মোশাররফ হোসেন।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়: সকাল সাড়ে আটটায় এক আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন মাঠে অবস্থিত বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভ ‘বঙ্গবন্ধু চত্বরে’ গিয়ে শেষ হয়। সেখানে উপাচার্য মো. আলী আকবর এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।