নানা আয়োজনে বসন্তবরণ
শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে গতকাল সোমবার ঝিনাইদহ ও ইসলামী বিশ্ববিদ্যালয়ে ঋতুরাজ বসন্তকে বরণ করা হয়েছে।
সকাল ১০টার দিকে ঝিনাইদহের সরকারি নুরুননাহার মহিলা কলেজ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এটি একই স্থানে গিয়ে শেষ হয়। পরে কলেজে পিঠামেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেসি বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরাও নানা আয়োজনে দিবসটি উদ্যাপন করেন।
এদিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের আয়োজনে বেলা ১১টায় ক্যাম্পাসে শোভাযাত্রা বের হয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. হারুন-উর-রশিদ আসকারী নেতৃত্ব দেন। অংশ নেন বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
পরে এক আলোচনা সভা ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বাংলা বিভাগের সভাপতি গৌতম কুমার দাস সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ সেলিম তোহা ও বাংলা বিভাগের অধ্যাপক আবুল আহসান চৌধুরী।