নানা আয়োজনে বিশ্ব আদিবাসী দিবস উদ্যাপন

‘আদিবাসী জনগোষ্ঠীর জন্য শিক্ষার অধিকার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, সিরাজগঞ্জের রায়গঞ্জ, নওগাঁ জেলার বরেন্দ্র অঞ্চলের বিভিন্ন স্থানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজন বিভিন্ন সংগঠনের ব্যানারে গতকাল মঙ্গলবার বিশ্ব আদিবাসী দিবস উদ্যাপন করেছেন। শোভাযাত্রা, আলোচনা সভা ও নিজেদের ঐতিহ্যবাহী নাচ-গানের মধ্যদিয়ে দিবসটি উদ্যাপন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জে নাচোল আদিবাসী একাডেিম নাচোল উপজেলা পরিষদ চত্বরে শোভাযাত্রা, পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। বিপদ ভঞ্জন বর্মণের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরকার অসীম কুমার, নাচোলের পৌর মেয়র আবদুর রশিদ খান, নাচোল ডিিগ্র কলেজের সহকারী অধ্যাপক অজিত দাস, আদিবাসী নেতা যোগেন্দ্র নাথ সরেন, বিশ্বনাথ মাহাতো, মন্টু খালকো প্রমুখ।
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাকনহাটে গোদাগাড়ী উপজেলা আদিবাসী পারগানা বাইসির উদ্যোগে কাকনহাট পৌর এলাকায় শোভাযাত্রা, পৌরসভা মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাবুলাল মুরমুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কাকনহাটের পৌর মেয়র আবদুল মজিদ ও বিশেষ অতিথি ছিলেন আদিবাসী মুক্তি মোর্চার সভাপতি যোগেন্দ্র নাথ সরেন। এ ছাড়া বক্তব্য দেন আদিবাসী নেতা রাজেন হেমব্রম, রাজেন্দ্র নাথ সরেন, দেওপাড়া ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান প্রমুখ।
নওগাঁর পোরশা উপজেলার নোনাহারে জিয়াতভার (জীবনভর) শিক্ষাকেন্দ্রের উদ্যোগে আলোচনা সভা ও শিশুদের খেলাধুলার মধ্যদিয়ে বিশ্ব আদিবাসী দিবস উদ্যাপন করা হয়েছে। সোনামনি এককার সভাপতিত্বে আলোচনা করেন আদিবাসী নেতা বঙ্গপাল সর্দার, বিশু টুডু, দেবেন টুডু, ভবেশ টপপো, বিষ্ণুপদ ওরাঁও প্রমুখ।
রায়গঞ্জ উপজেলায় দিবসটি উপলক্ষে গতকাল বেলা ১১টার দিকে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের বাঁশাইল গ্রামে আলোচনা সভা করা হয়। আদিবাসী নারীদের সংগঠন শাপলা নারী সমিতির সভাপতি সুচিত্রা রানী ওরাঁওয়ের সভাপতিত্বে বক্তব্য দেন ২ নম্বর সোনাখাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ মোস্তফা কামাল, বেসরকারি উন্নয়ন সংস্থা দীপশিখার রায়গঞ্জ এলাকা ব্যবস্থাপক এরশাদ আলী, সমাজসেবক খন্দকার রফিকুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন এলাকার আদিবাসীরা তাঁদের ঐতিহ্যবাহী নাচ-গান পরিবেশন করেন। এর আগে সকাল ১০টার দিকে দিবসটি উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন গ্রাম ঘুরে আসে।