নানা আয়োজনে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নিরাপদ পুষ্টিকর খাবার: সুস্থ জীবনের অঙ্গীকার’ প্রতিপাদ্য সামনে রেখে গতকাল মঙ্গলবার চট্টগ্রামে পালিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস।
বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ ওয়াসিকা আয়শা খান বলেন, সুস্থভাবে বাঁচতে হলে সবাইকে পুষ্টিকর খাবার খেতে হবে। যারা স্বাস্থ্যসচেতন নয়, তারা বিভিন্ন ধরনের অসুস্থতায় ভোগে। তাই সব শ্রেণির মানুষকে স্বাস্থ্যসচেতন করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
সিভিল সার্জন মো. সরফরাজ খান চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য বিভাগের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক আলাউদ্দিন মজুমদার।
এ এস এম জামাল উদ্দিন ও ফারহানা ইদরিসের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মো. নুরুল হায়দার। স্বাগত বক্তব্য দেন ডেপুটি সিভিল সার্জন মো. রফিক উদ্দিন।
এর আগে সকাল সাড়ে নয়টায় প্রেসক্লাব চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। জামাল খান, মোমিন রোড, আন্দরকিল্লাহ হয়ে সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে শোভাযাত্রা শেষ হয়।
অনুষ্ঠানে সার্বিক সহায়তা দিয়েছে বেসরকারি সংস্থা সচেতন নাগরিক কমিটি (সনাক), নিষ্কৃতি, নোঙ্গর, ইপ্সা, ইমেজ, মমতা, ওয়ার্ল্ড ভিশন, এফডিএসআর, একলাব, নওজোয়ান, ঘাসফুল, ব্র্যাক, মেরি স্টোপস ক্লিনিক, আশার আলো সোসাইটি ও এফপিএবি।