নানা আয়োজনে মে দিবস পালিত
নানা আয়োজনের মধ্য দিয়ে গত রোববার দেশের বিভিন্ন স্থানে পালিত হয়েছে আন্তর্জাতিক শ্রম দিবস। দিনটি মে দিবস হিসেবেও পরিচিত। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের গৌরবময় অধ্যায়ের স্মরণে দেশের শ্রমিক সংগঠনগুলোর পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনও আলোচনা সভা, শোভাযাত্রা ইত্যাদির মধ্য দিয়ে দিনটি পালন করেছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ:
নাটোর: দিবসটি উপলক্ষে গত রোববার দুপুরে এপেক্স ক্লাব নাটোরের উদ্যোগে নাটোর শহরে পাঁচ হাজার শ্রমজীবী মানুষকে লেবুর শরবত পান করানো হয়। নাটোর প্রেসক্লাবের সামনে থেকে এ কার্যক্রম শুরু হয়। দুপুরে সরেজমিনে দেখা যায়, ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদের নেতৃত্বে এপেক্স ক্লাব নাটোরের প্রায় ৩০ জন সদস্য শরবতের গ্লাস হাতে নাটোর-রাজশাহী মহাসড়কের পাশে দাঁড়িয়ে আছেন। যখনই রিকশাচালক, সিনজিচালিত অটোরিকশার চালকসহ শ্রমজীবী মানুষ সেখান দিয়ে যাচ্ছেন, তাঁদের হাতে শরবতের গ্লাস তুলে দিচ্ছেন তাঁরা।
এ ছাড়া দিবসটি উপলক্ষে শ্রমিক লীগ ও শ্রমিক দল সমাবেশ করে। সন্ধ্যায় কানাইখালী পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় শ্রমিক লীগের সাংস্কৃতিক অনুষ্ঠানে নাটোর-২ (সদর) আসনের সাংসদ শফিকুল ইসলাম অংশ নেন।
আদমদীঘি (বগুড়া): দিবসটি উপলক্ষে উপজেলার রেলওয়ে জংশন শহর সান্তাহারে বিভিন্ন শ্রমিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করে। সকালে জাতীয় শ্রমিক লীগ আদমদীঘি উপজেলা শাখার উদ্যোগে এক শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক রাশেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের নেতা আবু রেজা খান, সাজেদুল ইসলাম, পৌর আওয়ামী লীগের নেতা আবুল কাশেম, মুক্তিযোদ্ধা আনছার আলী এবং জার্জিস আলম, জাহিদ আহসান প্রমুখ।
অন্যদিকে জাতীয়তাবাদী শ্রমিক দল সান্তাহার পৌর শাখার উদ্যোগে সকালে শোভাযাত্রা বের হয়। বিকেলে পৌর যুবদলের দলীয় কার্যালয়ের সামনে হয় আলোচনা সভা। সান্তাহার পৌর শ্রমিক দলের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন আদমদীঘি থানা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মহিত তালুকদার। এ ছাড়া বক্তব্য দেন এস এম আখতারুজ্জামান, ফরিদ আহমেদ, মাহাফুজুল হক, মামুনুর রশিদ প্রমুখ।
রায়গঞ্জ (সিরাজগঞ্জ): সকাল ১০টার দিকে উপজেলার চান্দাইকোনায় আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাংসদ গাজী ম ম আমজাদ হোসেন। রায়গঞ্জ উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন, চান্দাইকোনা মোটরচালক সমবায় সমিতি, রায়গঞ্জ উপজেলা পরিবহন শ্রমিক সমবায় সমিতিসহ বিভিন্ন শ্রমিক সংগঠন যৌথভাবে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবদুল হান্নান খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাদী আলমাজী, রায়গঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম প্রমুখ। এ ছাড়া উপজেলার ধানগড়া, সলঙ্গা ও নিমগাছীতে পৃথক নানা কর্মসূচি পালন করা হয়। ধানগড়া বাজারে সন্ধ্যায় বাউলগানের আয়োজন করা হয়।