নানা আয়োজনে রোকেয়া দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের স্মরণে গতকাল শুক্রবার পালিত হয়েছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস। এ উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করা নারীদের পাঁচটি ক্যাটাগরিতে জয়িতা হিসেবে সংবর্ধনা দেওয়া হয়েছে। ক্যাটাগরিগুলো হলো সফল জননী, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা, সমাজ উন্নয়নে অবদান রাখা, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী এবং শিক্ষা ও চাকরিক্ষেত্রে অবদান রাখা।

আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো সংবাদ:

রাজশাহী: আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস উদ্‌যাপন উপলক্ষে রাজশাহীতে পাঁচ নারীকে ‘জয়িতা’ সম্মাননা দেওয়া হয়। তাঁরা হলেন উরসী মাহফিলা ফাতেহা, শিরীন মাহবুবা, হাজেরা খাতুন, শারমিন বেগম ও আঞ্জুমান আরা পারভীন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সাংসদ আখতার জাহান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আতাউল গণির সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবী শাহীন আক্তার ও জাতীয় মহিলা সংস্থার রাজশাহী জেলা শাখার সভাপতি মর্জিনা পারভীন। স্বাগত বক্তব্য দেন জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সাহানাজ বেগম।

নওগাঁ: এখানে ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০১৬’ উপলক্ষে জেলার পাঁচ জয়িতাকে সম্মাননা জানিয়েছে জেলা প্রশাসন ও জেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়। এ উপলক্ষে গতকাল শুক্রবার জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান হয়। এতে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা আনিসুর রহমান। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মাজেদা ইয়াসমিন।

বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শবনম মোস্তারী, জেলা মহিলাবিষয়ক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক নূরজাহান বেগম, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান পারভীন আকতার প্রমুখ।

আলোচনা শেষে এ বছর সাহসী, প্রতিবাদী ও উদ্যোগী নওগাঁ জেলার পাঁচ ‘জয়িতা’ নারীর হাতে ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেওয়া হয়। সম্মাননা পাওয়া নারীরা হলেন পারুল আকতার, রাফিজা খাতুন, দুপরী রানী, শাহনাজ খাতুন ও মর্জিনা বেগম।

নাটোর: বেগম রোকেয়া দিবস উপলক্ষে নাটোরে আলোচনা সভা ও শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়েছে। শুক্রবার সকালে জেলা প্রশাসন ও জেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে স্থানীয় জেলা শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহম্মদ মনিরুজ্জামান ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উমা চৌধুরী জলি, নাসিমা বানু লেখা, দিলারা বেগম পারুল। আলোচনা সভা শেষে জেলার শ্রেষ্ঠ ১০ জন জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ: এখানে যৌথভাবে বেগম রোকেয়া দিবস উদ্‌যাপন করেছে নারী সংগঠন জাগো নারী বহ্নিশিখার চাঁপাইনবাবগঞ্জ শাখা ও প্রথম আলো বন্ধুসভা। এ উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

নারী সংগঠন জাগো নারী বহ্নিশিখার আহ্বায়ক ফারুকা বেগমের সভাপতিত্বে এ সভায় বক্তব্য দেন আনোয়ারুল ইসলাম, সাইদুল ইসলাম, শাহ্জাহান প্রামাণিক, মনিরা সুলতানা, আজিজুর রহমান, সোনিয়া খাতুন, মারিয়া হাসান, নয়ন আহমেদ প্রমুখ। সঞ্চালনা করেন আলী উজ্জামান নূর।

রায়গঞ্জ(সিরাজগঞ্জ): গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে পাঁচ নারীকে ‘জয়িতা’ সম্মাননা দেওয়া হয়। তাঁরা হলেন রেবেকা সুলতানা, আছিয়া বেগম, তাহমিনা বেগম, মঙ্গলী রানী মাহাতো ও লাল বানু।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রায়গঞ্জের ইউএনও ইকবাল আখতার। উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা খাদিজা নাছরিনের সভাপতিত্বে বক্তব্য দেন জাহিদুল ইসলাম, শিউলি ইয়াসমিন, আবদুল্লাহ আল পাঠান, শরিফ-উল আলম খন্দকার, লিনা হক, নিষ্কৃতি দাস, আছাবুর রহমান, টি এম কামরুজ্জামান প্রমুখ।

ধুনট(বগুড়া): এ উপজেলায় গতকাল শুক্রবার পাঁচ নারীকে ‘জয়িতা’ সম্মাননা দেওয়া হয়েছে। তাঁরা হলেন অঞ্জলী বেগম, তাহমিনা খাতুন, আমেনা খাতুন, শাহীনা আকতার ও আম্বিয়া খাতুন।

এ উপজেলায় মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও মুহাম্মাদ ইব্রাহীম। বক্তব্য দেন নুরজাহান আক্তার, এ জি এম বাদশাহ, জেবুন নেছা, গোলাম সোবহান।

আদমদীঘি(বগুড়া): উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে গত বৃহস্পতিবার এখানে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা হয়। ইউএনও রেজাউল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল মহিত তালুকদার। অনুষ্ঠানে বক্তব্য দেন মো. কামরুজ্জামান, এস এম মাহবুবুর রহমান, ফারুক আহমেদ প্রমুখ। আলোচনা শেষে প্রধান অতিথি উপজেলার পাঁচ নারীকে ‘জয়িতা’ সম্মাননাপত্র ও ক্রেস্ট প্রদান করেন।

ঈশ্বরদী(পাবনা): আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে এখানে গত বৃহস্পতিবার পাঁচ নারীকে ‘জয়িতা’ সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তর যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে। পাঁচ জয়িতা হলেন তাসলিমা আক্তার, নুরুন্নাহার বেগম, লাইলী খাতুন, আলেয়া বেগম ও শামীমা আজাদ। উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান প্রধান অতিথি হিসেবে জয়িতাদের হাতে সম্মাননাপত্র, ক্রেস্ট ও উপহার তুলে দেন। সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিমুল আক্তার।