নানা আয়োজনে শেখ হাসিনার ৬৮তম জন্মদিন পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল রোববার প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ৬৮তম জন্মদিন ঢাকাসহ সারা দেশে পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল কেক কাটা, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল, সাংস্কৃতিক অনুষ্ঠান, আনন্দ শোভাযাত্রা এবং দরিদ্রদের মাঝে খাবার বিতরণ।
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা-কর্মচারী, শুভানুধ্যায়ী ও দলীয় নেতা-কর্মীদের উপস্থিতিতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বিকেলে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়। জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৯তম অধিবেশনে যোগ দেওয়া প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
দুপুরে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে আলোচনা সভা করে আওয়ামী স্বেছাসেবক লীগ। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দা সাজেদা চৌধুরী। একই স্থানে জন্মদিনের কর্মসূচি পালন করে মোটর শ্রমিক লীগ। বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর আওয়ামী লীগ। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে মহানগর যুবলীগ (উত্তর)।
জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ খেলার সামগ্রী বিতরণ করে। এতে অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শেখ হাসিনাকে নিয়ে লেখা গণতন্ত্রের মানসকন্যা গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয় গণগ্রন্থাগার সেমিনার হলে। সেখানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বাংলাদেশ রাইটার্স ফাউন্ডেশন এর আয়োজন করে।
কেক কেটে ও আনন্দ শোভাযাত্রা করে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশও করে সংগঠনটি। তাঁতী লীগ কেক কাটে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কেক কাটে স্বাধীনতা পরিষদ।
এ ছাড়া বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে মোনাজাত পরিচালনা করেন খতিব মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দিন। এই বিশেষ মিলাদ মাহফিলের আয়োজক ইসলামিক ফাউন্ডেশন।
দুপুরে ঢাকেশ্বরী মন্দিরে এবং বিভিন্ন প্যাগোডা, গির্জাসহ ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।
শেখ হাসিনার জন্মদিনে অন্যদের মধ্যে কর্মসূচি পালন করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু একাডেমি, ঢাকা বিভাগীয় শ্রমিক লীগ, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ, কেন্দ্রীয় শিশু-কিশোর মেলা, বাংলাদেশ শিশু সংগঠন ঐক্যজোট।