নানা আয়োজনে শেরপুরে মুক্ত দিবস পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মুক্তির আনন্দে বিজয়ের ৪৫ বছর’ স্লোগান সামনে রেখে গতকাল বুধবার শেরপুর মুক্ত দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে সাইকেল শোভাযাত্রা, আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গতকাল বিকেল চারটায় শেরপুরের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আর্তনাদের উদ্যোগে শহরের নিউমার্কেট এলাকার পাতাবাহার খেলাঘর আসর থেকে সাইকেল শোভাযাত্রা বের হয়। এটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি-সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে এসে শেষ হয়। শোভাযাত্রায় শতাধিক তরুণ অংশগ্রহণ করেন।
গতকাল সন্ধ্যায় মুক্ত দিবস উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ চত্বরে উদীচী শিল্পীগোষ্ঠী শেরপুর জেলা সংসদের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তপন সারওয়ার। এতে বক্তব্য দেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ এ কে এম রিয়াজুল হাসান ও সহযোগী অধ্যাপক শিবশঙ্কর কারুয়া, সম্মিলিত সামাজিক আন্দোলন শেরপুর শাখার সভাপতি রাজিয়া সামাদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আ স ম নুরুল ইসলাম, নাগরিক সংগঠন জনউদ্যোগের সভাপতি আবুল কালাম আজাদ, আর্তনাদের সভাপতি সোবহান উদ্দিন ও সাধারণ সম্পাদক এমদাদুল হক প্রমুখ। আলোচনা শেষে উদীচী শিল্পীগোষ্ঠীর শিল্পীরা দেশাত্মবোধক গান ও গণসংগীত এবং নাটিকা চাপা পড়া মানুষ পরিবেশন করেন।
১৯৭১ সালের ৭ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে ভারতীয় মিত্রবাহিনীর সহায়তায় মুক্তিযোদ্ধারা শেরপুর অঞ্চলকে শত্রুমুক্ত করেন।