নানা আয়োজনে সমবায় দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল শনিবার সারা দেশে ৪৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এবার দিবসটির প্রতিপাদ্য ছিল ‘সমবায় উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে টেকসই উন্নয়ন’।
প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
দিনাজপুর: দিনাজপুরে জেলা প্রশাসক কার্যালয় ও সমবায় অধিদপ্তরের যৌথ আয়োজনে গতকাল সকালে জিলা স্কুল থেকে একটি শোভাযাত্রা বের হয়। দুপুরে জিলা স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. আবু রায়হান মিঞা। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন, জেলা সমবায় কর্মকর্তা মো. তোজাম্মল হক। অনুষ্ঠানে জেলার পাঁচজন শ্রেষ্ঠ সমবায় কর্মীকে ক্রেস্ট ও সনদ দেওয়া হয়। অনুষ্ঠান শেষে সমবায় নেতাদের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
পঞ্চগড়: সকালে জেলা প্রশাসন ও সমবায় বিভাগ সমবায়ীদের উদ্যোগে জেলা সমবায় কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সরকারি মিলনায়তনে গিয়ে শেষ হয়। সেখানে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাতের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহমুদুল আলম। পৌর মেয়র মো. তৌহিদুল ইসলাম, পঞ্চগড় কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতির সভাপতি সমে আলী আহম্মেদ ও জেলা সমবায় কর্মকর্তা মো. শাহজাহান প্রমুখ এতে বক্তব্য দেন।
নীলফামারী: জেলায় দিবসটি পালন করার জন্য শোভাযাত্রা ও শিল্পকলা মিলনায়তনে আলোচনা সভা করা হয়। জেলা সমবায় ভূমি উন্নয়ন ব্যাংকের সভাপতি নুরুল আমিন সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. মুজিবুর রহমান। এ সময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, জেলা সমবায় কর্মকর্তা আবদুল মান্নান, সদর উপজেলা সমবায় কর্মকর্তা আবতাবুজ্জামান প্রমুখ। সমবায়ে বিশেষ অবদানের জন্য শ্রেষ্ঠ সমবায়ী ও শ্রেষ্ঠ সমবায় সমিতির পুরস্কার দেওয়া হয়।
তারাগঞ্জ (রংপুর): তারাগঞ্জে সমবায় দিবসের শোভাযাত্রায় ২২টি সমিতির সদস্য, ইউএনও, জনপ্রতিনিধি অংশ নেন। উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত সভায় বক্তব্য দেন স্থানীয় সাংসদ আহসানুল হক চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান প্রমুখ।
বিরামপুর (দিনাজপুর): দিবসের শোভাযাত্রা শেষে উপজেলা সমবায় কর্মকর্তা নাছিমুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. পারভেজ কবির।