নানা আয়োজনে সারা দেশে উন্নয়ন মেলা শুরু

সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণকে অবহিত করতে সারা দেশে শুরু হয়েছে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা। গতকাল সোমবার বিকেলে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে একযোগে এ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ‘উন্নয়নের গণতন্ত্র, শেখ হাসিনার মূলমন্ত্র’ স্লোগান সামনে রেখে এ মেলার আয়োজন করা হয়েছে।
বগুড়া জিলা স্কুল মাঠে শুরু হয়েছে এই মেলা। প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের পর বগুড়া জেলা প্রশাসক আশরাফ উদ্দিন এখানে মেলার উদ্বোধন করেন। এর আগে সকাল ১০টায় উন্নয়ন মেলা উপলক্ষে বের হয় শোভাযাত্রা। এতে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সাংসদ আবদুল মান্নান, জেলা প্রশাসক আশরাফ উদ্দিন, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন অংশ নেন।
নওগাঁ শহরের সরকারি জিলা স্কুল মাঠে মেলা বসেছে। এ উপলক্ষে সকাল ১০টায় জেলা প্রশাসকের বাসভবন পুরাতন কালেক্টরেট চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। জিলা স্কুল মাঠে বেলা ১১টায় বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন নওগাঁ সদর আসনের সাংসদ আবদুল মালেক। পরে জেলা প্রশাসক আমিনুর রহমানের নেতৃত্বে এক আলোচনা সভা হয়। এতে বক্তব্য দেন সাংসদ আবদুল মালেক, পুলিশ সুপার মোজাম্মেল হক প্রমুখ।
সিরাজগঞ্জ শহরের কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের মাঠে মেলার উদ্বোধন করেন সিরাজগঞ্জ-২ আসনের সাংসদ হাবিবে মিল্লাত। সিরাজগঞ্জের জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সিরাজগঞ্জ-পাবনা সংরক্ষিত আসনের সাংসদ সেলিনা বেগম, অতরিক্তি জেলা প্রশাসক মুহাম্মদ কামরুল হাসান প্রমুখ।
চাঁপাইনবাবগঞ্জের হরিমোহন সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে মেলা শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের পর এখানে মেলার উদ্বোধন করেন সদর আসনের সাংসদ আবদুল ওদুদ। এ সময় উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রুপন কান্তি শীল, জেলা প্রশাসক মাহমুদুল হাসানা, পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম প্রমুখ।
রাজশাহী কলেজ মাঠে এ মেলার উদ্বোধন করেন সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা। রাজশাহী জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহীর সংরক্ষিত নারী সাংসদ আখতার জাহান, রাজশাহী নগর আওয়ামী লীগের সহসভাপতি শাহীন আক্তার রেনী, রাজশাহী-৩ আসনের সাংসদ আয়েন উদ্দিন প্রমুখ।
জয়পুরহাট জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে রামদেও বাজলা সরকারি বিদ্যালয়ের মাঠে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবদুর রহিম। বক্তব্য দেন জেলার ১ আসনের সাংসদ সামছুল আলম, পুলিশ সুপার রশীদুল হাসান।
নাটোর শহরের নবাব সিরাজ উদ দৌলা সরকারি কলেজের মাঠে এ মেলা শুরু হয়েছে। গতকাল সকালে নাটোর-২ (সদর) আসনের সাংসদ শফিকুল ইসলাম এর উদ্বোধন করেন। এ সময় জেলা প্রশাসক সাহিনা খাতুন, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
সিংড়ায় উন্নয়ন মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ মুনীরুজ্জামান ভূইয়া, লালপুরে নাটোর-১ আসনের সাংসদ আবুল কালাম ও বড়াইগ্রামে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল আলম।
পাবনায় এডওয়ার্ড কলেজে বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পাবনা জেলা প্রশাসক রেখা রানী বালো। উদ্বোধনী আলোচনা সভায় বক্তব্য দেন পুলিশ সুপার জিহাদুল কবির, এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ হুমায়ন কবির মজুমদার প্রমুখ।
নওগাঁর রানীনগরে মেলার উদ্বোধন উপলক্ষে রানীনগর বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণ থেকে এক শোভাযাত্রা বের হয়ে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে মেলা প্রাঙ্গণে ইউএনও সোনিয়া বিনতে তাবিবের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আল ফারুক জেমস। এ ছাড়া বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মফিজ উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইসমাইল হোসেন প্রমুখ।
পাবনার বেড়া উপজেলায় বেড়া বি বি মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে এ মেলা শুরু হয়। এদিন ইউএনও সামসুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়া উপজেলার চেয়ারম্যান আবদুল কাদের।
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা পরিষদ চত্বরে মেলা শুরু হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কমল ও ইউএনও গোলাম মো. শাহনেওয়াজ এ মেলার উদ্বোধন করেন। এর আগে একটি শোভাযাত্রা বের করা হয়।
রাজশাহীর বাগমারায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে ভবানীগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে উপজেলা সভাকক্ষে ইউএনও নাছরিন আক্তারের সভাপতিত্বে সভায় মুঠোফোনে প্রধান অতিথির বক্তব্য দেন সাংসদ এনামুল হক।