নানা আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জন্মদিন পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসে গতকাল শহীদ খোকন শিশু উদ্যানে সাংস্কৃতিক সংগঠন বাংলার মুখ চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় ছবি  আঁকায় ব্যস্ত খুদে আঁকিয়েরা l প্রথম আলো
বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসে গতকাল শহীদ খোকন শিশু উদ্যানে সাংস্কৃতিক সংগঠন বাংলার মুখ চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় ছবি আঁকায় ব্যস্ত খুদে আঁকিয়েরা l প্রথম আলো

স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিন ছিল গতকাল বৃহস্পতিবার। সরকারিভাবে দিবসটি জাতীয় শিশু দিবস হিসেবেও উদ্যাপন করা হয়।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, শোভাযাত্রা, আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিবসটি উদ্যাপন করা হয়েছে। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
রাজশাহী: সকালে নগরের কুমারপাড়ায় মহানগর কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও নগর সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান, সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ দলের নেতা-কর্মীরা। এ ছাড়া রক্তদান কর্মসূচি, আলোকচিত্র প্রদর্শনী, শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে সকালে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল থেকে শিশুদের নিয়ে একটি শোভাযাত্রা বের করা হয়। এরপর একাডেমি চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সকাল পৌনে আটটায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন, সহ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এরপর বঙ্গবন্ধু হলে স্থাপিত বঙ্গবন্ধু গ্যালারি ও পাঠাগারের উদ্বোধন করেন উপাচার্য। এ ছাড়া বেলা ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়। বাদ জোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
নওগাঁ: সকাল ১০টায় জেলা প্রশাসন ও নওগাঁ শিশু একাডেমি শহরে শোভাযাত্রার আয়োজন করে। এর আগে জিলা স্কুল মাঠে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক আমিনুর রহমান। পরে সেখান শিশু-কিশোরদের নিয়ে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন নওগাঁ সদর আসনের সাংসদ আবদুল মালেক। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের পুরাতন কালেক্টরেট চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে জেলা প্রশাসনের আয়োজনে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিকে নওগাঁর সাপাহারে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদ্যাপিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ: জেলা প্রশাসনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠনের উদ্যোগে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়ে শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে এসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়। এ উপলক্ষে সকাল পৌনে ১০টায় আধুনিক সদর হাসপাতালে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, উপস্থিত রচনা প্রতিযোগিতা, গল্প বলা প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, সন্ধ্যায় শহীদ সাটু হলে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ওপর প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ ছাড়া সকালে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে উপাচার্য আবদুল মান্নান আকন্দের নেতৃত্বে শহরে শোভাযাত্রা বের করা হয়।
পাবনা: সকালে পাবনা জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক, জেলা প্রশাসক রেখা রানী বালো ও পুলিশ সুপার আলমগীর কবীর স্বাধীনতার স্মৃতিস্তম্ভ দুর্জয় পাবনার পাদদেশে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠনের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা, শিশুদের চিত্রাঙ্কন, হাতের লেখা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ ছাড়া পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সরকারি এডওয়ার্ড কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা, আলোচনা সভাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করে।
ঈশ্বরদী উপজেলা পরিষদের পক্ষ থেকে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা সভা, শিশুদের ছবি আঁকা, আবৃত্তি ও রচনা লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ইউএনও শাকিল মাহমুদ। ঈশ্বরদী প্রেসক্লাব দুপুরে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে।
আদমদীঘি (বগুড়া): উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল নয়টায় একটি শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা চত্বরের শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভা হয়। ইউএনও রেজাউল করিমের সভাপতিত্বে এতে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান, উপজেলা কৃষি কর্মকর্তা শাহাদুজ্জামান প্রমুখ।
রায়গঞ্জ (সিরাজগঞ্জ): বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও ইকবাল আখতার। বক্তব্য দেন পৌরসভার মেয়র আবদুল্লাহ আল পাঠান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার গাজী রেজাউল করিম তালুকদার প্রমুখ। অনুষ্ঠানে চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এর আগে সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়।