নানা আয়োজন চট্টগ্রামে অটিজম সচেতনতা দিবস পালিত
চট্টগ্রামে নানা আয়োজনে গতকাল শনিবার পালিত হয়েছে চতুর্থ বিশ্ব অটিজম সচেতনতা দিবস। দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, অটিজম চিহ্নিত হলে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। মস্তিষ্ক বিকাশের প্রতিবন্ধকতার কারণে আচরণজনিত সমস্যা দেখেই অটিজম শনাক্ত করা যায়।গতকাল সকালে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে চট্টগ্রামের অটিস্টিক চিলড্রেন ওয়েলফেয়ার সেন্টার আলোচনা সভার আয়োজন করে। ‘অটিজম বিষয়ে সচেতনতা: প্রেক্ষিত চট্টগ্রাম’ শীর্ষক আলোচনা সভায় মুখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের শিশু স্বাস্থ্য বিভাগের বাসনা মুহুরী।বাসনা মুহুরী বলেন, অটিজম বিষয়ে সমাজে সচেতনতার অভাব রয়েছে। অটিজমে আক্রান্তদের সঠিক কোনো পরিসংখ্যান পাওয়া যায় না। অটিজম বিদ্যালয় প্রতিষ্ঠা, বিদ্যালয়ের শিক্ষকদের পর্যাপ্ত প্রশিক্ষণের ক্ষেত্রে সরকারি-বেসরকারি উদ্যোগ নিতে হবে। সভায় তিনি অটিজম কী, অটিজমের কারণ ও চিকিৎসা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।এর আগে সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে প্রেসক্লাব পর্যন্ত অটিস্টিক চিলড্রেন ওয়েলফেয়ার সেন্টার বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে।